Home » বরিশাল » তালতলীতে সন্তানকে দেখতে গিয়ে শ্বশুরবাড়িতে মারধরের শিকার জামাই
২৭ November ২০২৬ Friday ১০:০৭:৫১ PM
তালতলীতে সন্তানকে দেখতে গিয়ে শ্বশুরবাড়িতে মারধরের শিকার জামাই
তালতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলীতে নবজাতক সন্তানকে দেখতে শ্বশুরবাড়িতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আবুল বাসার নামের এক ব্যক্তি। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে তার মা-বাবাও হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের নকরী এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল বাসার একই ইউনিয়নের পূর্ব গাবতলী গ্রামের আহম্মদ হাওলাদারের ছেলে। তার স্ত্রী হাফিজা বেগম নকরী গ্রামের শাহ আলমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে সিজারের মাধ্যমে আবুল বাসার ও হাফিজা বেগমের দ্বিতীয় সন্তান জন্ম নেয়। সন্তান জন্মের দুই দিন পর নবজাতককে নিয়ে বাবার বাড়িতে যান হাফিজা। বৃহস্পতিবার নবজাতক সন্তানকে দেখতে শ্বশুরবাড়িতে যান আবুল বাসার। সেখানে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাশুড়ি তাকে অশালীন ভাষায় কথা বলেন। এর প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, আবুল বাসারের শ্বশুর শাহ আলম বাড়ির বাইরে গিয়ে আশপাশের লোকজনকে জানান, তার জামাই পরিবারের সদস্যদের মারধর করেছেন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হন। তাদের মধ্যে কয়েকজন আবুল বাসারকে মারধর করেন।
এদিকে ছেলেকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আবুল বাসারের বাবা-মা। তাদেরও মারধর করা হয় এবং কাপড় খুলে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেছেন তারা। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী মো. সোবাহান বলেন, আবুল বাসারের শ্বশুর শাহ আলম দোকানে এসে জানান, তার জামাই তাকে মারধর করেছেন। পরে সেখানে জড়ো হওয়া লোকজনের কয়েকজন আবুল বাসারকে মারধর করেন।
আবুল বাসার বলেন, নবজাতক সন্তানকে দেখতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানে বড় ছেলের মোবাইল ফোন ব্যবহার নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। কিছুক্ষণ পর শাশুড়ি এসে তাকে অশালীন ভাষায় কথা বলেন। এ নিয়ে শাশুড়ির সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন এসে তাকে মারধর করেন। এতে তার হাতে পাঁচ থেকে ছয়টি সেলাই দিতে হয়েছে।
আবুল বাসারের বাবা আহম্মদ হাওলাদার বলেন, ছেলেকে মারধরের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছানোর পর কিছু বুঝে ওঠার আগেই ছেলের শ্বশুরবাড়ির লোকজন তাদের ওপর হামলা চালান। তাদের মারধরের পাশাপাশি কাপড় খুলে লাঞ্ছিত করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে শ্বশুর শাহ আলম বলেন, তার জামাই তাকেসহ পরিবারের অন্য সদস্যদের মারধর করেছেন। এরপরই মারধরের ঘটনা ঘটে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই