বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
নিজস্ব প্রতিনিধি:
ডাকঘরে সঞ্চিত টাকা, অথচ প্রয়োজনের সময় সেই টাকা তুলতে পারছেন না গ্রাহকেরা। সার্ভার জটিলতায় চার দিন ধরে কার্যত অচল হয়ে আছে বরিশাল প্রধান ডাকঘরের সেভিংস ব্যাংকের লেনদেন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পেনশনভোগী, বয়স্ক ও মধ্যবিত্ত পরিবারের গ্রাহকেরা। টাকা উত্তোলনের পাশাপাশি নতুন করে সঞ্চয় জমা রাখতেও হিমশিম খাচ্ছেন অনেকে।
নগরীর দরগাহ বাড়ি এলাকার বাসিন্দা বাকেরা আহমেদ দীপা তাদেরই একজন। সংসারের খরচ মেটাতে পোস্ট অফিসের সঞ্চয় ব্যাংকে টাকা জমা রাখেন তিনি। প্রতি মাসে প্রয়োজন অনুযায়ী সেখান থেকে টাকা তুলে পরিবারের ব্যয় নির্বাহ করেন। কিন্তু গত ১৮ নভেম্বর টাকা তুলতে বরিশাল প্রধান ডাকঘরে গিয়ে জানতে পারেন, ঢাকায় সার্ভার সমস্যার কারণে লেনদেন বন্ধ রয়েছে। এবং পরদিন আসতে বলা হয়। এরপর ১৯, ২০ ও সর্বশেষ ২২ নভেম্বর ডাকঘরে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে দীপাকে। চার দিনে নগরীর দরগাহ বাড়ি থেকে ডাকঘরে যাতায়াত করতেই যানবাহন ভাড়া বাবদ তার ব্যয় হয়েছে ৫০০ টাকা। সর্বশেষ দিনও তাকে জানানো হয়, সার্ভার সচল না হওয়া পর্যন্ত টাকা জমা কিংবা উত্তোলনের কোনো সুযোগ নেই।
এনিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে দীপা বলেন, ‘চার দিন ঘুরেও ডাকঘরের সঞ্চয় ব্যাংক থেকে টাকা তুলতে পারছি না। এতে আমরা গ্রাহকরা বিপাকে পড়েছি।’
শুধু দীপা নন, প্রতিদিন গড়ে অর্ধশতাধিক গ্রাহক বরিশাল প্রধান ডাকঘরে এসে একই ভোগান্তির শিকার হচ্ছেন। সবচেয়ে নাজুক পরিস্থিতিতে পড়েছেন পেনশনভোগী পরিবারগুলো। এককালীন পেনশনের অর্থ ডাকঘরে জমা রেখে সেখান থেকে পাওয়া মুনাফায় সংসার চালান তাদের অনেকে। নিজেদের সঞ্চয়ের ওপর নির্ভরশীল এসব পরিবারের নিয়মিত ব্যয় নির্বাহেও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বরিশাল প্রধান ডাকঘরের সেভিংস ব্যাংকের সামনে অপেক্ষমাণ কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা গেছে, সঞ্চিত অর্থ তুলতে না পারায় দৈনন্দিন খরচ মেটানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
এমনই একজন বরিশাল প্রধান ডাকঘরের সাবেক পোস্টমাস্টার সালেহ উদ্দিন মিয়া। তার পেনশনের অর্থ জমা রয়েছে ডাকঘরের সেভিংস ব্যাংকে। সেখান থেকে পাওয়া মুনাফা দিয়েই চলে তার সংসার। কিন্তু চার দিন ধরে পরিবারের সদস্যরা টাকা তুলতে গিয়ে ফিরে আসছেন। সর্বশেষ দিনও পরিবারের এক সদস্য সার্ভার সচল না থাকায় অর্থ উত্তোলন করতে পারেননি।
কবে নাগাদ এই অচলাবস্থার অবসান হবে, তা নিয়েও অন্ধকারে গ্রাহকেরা। ডাকঘরের কর্মীদের কাছ থেকে মিলছে না নির্দিষ্ট কোনো তথ্য। কেউ বলছেন, নতুন পে-স্কেল কার্যকরের কারণে সার্ভারে কাজ চলছে। আবার কারও ভাষ্য, সার্ভার আধুনিকায়ন বা আপগ্রেডের কাজ চলছে। তবে লেনদেন স্বাভাবিক হওয়ার সম্ভাব্য সময় জানাতে পারছেন না কেউ। সবার একই বক্তব্য, সার্ভার সচল হলেই শুরু হবে লেনদেন।
অর্থ উত্তোলনের পাশাপাশি নতুন করে সঞ্চয় জমা রাখতেও বিড়ম্বনায় পড়েছেন গ্রাহকেরা। কয়েকজন মধ্যবিত্ত পরিবারের সদস্য জানান, পাঁচ দিন ধরে টাকা জমা দিতে ডাকঘরে আসছেন তারা। কিন্তু সার্ভার সমস্যার অজুহাতে তাদের কাছ থেকে টাকা গ্রহণ করা হচ্ছে না।
এক নারী গ্রাহক বলেন, ‘নিরাপত্তার স্বার্থে কর্মকর্তাদের বলেছিলাম, ম্যানুয়ালি টাকা জমা রেখে আমাকে নিশ্চিন্তে ঘুমাতে দিন। কিন্তু তারা বলেন, আপনার ঘুম আমরা কীভাবে আটকালাম?’
নাম প্রকাশ না করার শর্তে ৬০ বছর বয়সী ওই বিধবা নারী জানান, তার ছেলে তাকে তিন লাখ টাকা দিয়েছেন। সেই অর্থ ডাকঘরে জমা রেখে প্রতি মাসে পাওয়া মুনাফা দিয়ে ওষুধ, তিন বেলার খাবার ও চিকিৎসার ব্যয় মেটানোর পরিকল্পনা করেছেন তিনি। ব্যাংকের তুলনায় পোস্ট অফিসের প্রতি তার আস্থা বেশি। তাই সেখানে টাকা রেখে নিশ্চিন্ত থাকতে চান। তবে পরিচয় প্রকাশ হলে দুর্বৃত্তদের লক্ষ্যবস্তু হতে পারেন—এমন আশঙ্কায় নাম প্রকাশে রাজি হননি তিনি।
বরিশাল প্রধান ডাকঘরের সেভিংস ব্যাংকে কর্মরত একাধিক কর্মকর্তা জানান, শুধু বরিশাল নয়, সার্ভার জটিলতায় সারা দেশের পোস্ট অফিসের সেভিংস ব্যাংকের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সার্ভারে কী ধরনের কাজ চলছে, সে সম্পর্কে তাদের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই। কেন্দ্রীয় অফিস থেকেও এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা বা বার্তা দেওয়া হয়নি।
তারা জানান, লেনদেন বন্ধ থাকায় পুরোনো গ্রাহকদের পাশাপাশি নতুন গ্রাহকেরাও ভোগান্তিতে পড়ছেন। প্রতিদিন গ্রাহকদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের। এর প্রভাব পড়েছে বরিশাল বিভাগের প্রধান ডাকঘর থেকে শুরু করে বিভিন্ন সাবপোস্ট অফিসেও।
তবে এ বিষয়ে ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল নাইম ইবনে রহমান মিডিয়ায় কথা বলতে রাজি হননি। এবং প্রসঙ্গটি নিয়ে বরিশাল প্রধান ডাকঘরের সহকারী পোস্ট মাস্টার জেনারেলের সাথে আলোচনার পরামর্শ দেন।
বরিশাল প্রধান ডাকঘরের সহকারী পোস্ট মাস্টার জেনারেল মো. নছরউল্লাহ বলেন, ‘গত সপ্তাহ থেকে রাজধানী ঢাকায় সার্ভারের সমস্যা থাকায় সেভিংস ব্যাংকের টাকা জমা ও উত্তোলন—কোনোটিই করা যাচ্ছে না। আমাদেরকেও কেন্দ্রীয় অফিস থেকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। যেটুকু জানতে পেরেছি, আপগ্রেডের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। প্রতিদিন সেভিংস ব্যাংকের গ্রাহকেরা এসে ফিরে যাচ্ছেন। আশা করা যায়, শিগগিরই সার্ভার সচল হবে এবং গ্রাহকদের ক্ষোভ-অসন্তোস কমবে, মন্তব্য করেন তিনি।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই