Current Bangladesh Time
Sunday November ২২, ২০২৬ ৪:২৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
২২ November ২০২৬ Sunday ২:৩৭:৩৭ PM
Print this E-mail this

বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই


বিশেষ প্রতিনিধি:

বরিশাল বিভাগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ঠেকাতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রতিটি অবৈধ ইটভাটা থেকে ২ লাখ টাকা নিয়ে ভাঙন থেকে রক্ষার ব্যবস্থা করতেন অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলাম। এই অর্থের ৬০ শতাংশ পরিচালকের দপ্তর এবং ৪০ শতাংশ জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ভাগ হতো বলে দাবি সূত্রের। অভিযোগ তদন্তের মধ্যে দিদারুলকে খাগড়াছড়িতে বদলি করা হলেও অবমুক্তির পর বরিশাল ছাড়েননি তিনি। 

জানা গেছে, বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরে ৫ বছর ধরে কর্মরত নমুনা সংগ্রহকারী দিদারুল। তাঁর বাড়ি গোপালগঞ্জ। ২ বছর ধরে বর্তমান পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বরিশালে দায়িত্ব পালনকালে বেপরোয়া হয়ে ওঠেন দিদার।

পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, ইট পোড়ানোর মৌসুমে ভ্রাম্যমাণ আদালত করার এখতিয়ার বিভাগীয় পরিচালকের। অভিযানের আগে পরিচালক মুজাহিদুল ইটভাটার মালিকদের সঙ্গে বৈঠকে দিদারকে পাশে বসিয়ে নেন। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে জেলা, উপজেলায় পাঠান তাঁকে। ভাটার মালিকদের সঙ্গে উৎকোচের সমন্বয়ও করেন দিদার।

সূত্র জানায়, প্রতিটি অবৈধ ইটভাটা থেকে ২ লাখ টাকার বিনিময়ে ভাটা ভাঙা থেকে রক্ষা নিশ্চিত করা হয়েছে। এই অর্থ অধিকাংশই নেওয়া হয়েছে ইটভাটা সমিতির কাছ থেকে। জানা গেছে, এর ৬০ শতাংশ পরিচালকের দপ্তর এবং ৪০ শতাংশ পান জেলা কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে পিরোজপুরের জিয়ানগরের একজন ইটভাটার মালিক জানান, গত মঙ্গলবার দুটি অবৈধ ইটভাটা যাতে না ভাঙে, এ জন্য ৬ লাখ টাকা দিয়ে এসেছেন। কচা ও সুগন্ধা নদীর মোহনায় এই ইটভাটা দুটি অবস্থিত।

এদিকে, বরিশাল জেলার বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ ইটভাটা সমিতির নেতাদের মাধ্যমে এই উৎকোচ নিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কতিপয় কর্মকর্তা।

সূত্র জানায়, এসব অভিযোগ তদন্তে গত এপ্রিলে নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন ওই তদন্ত করেন।

অভিযুক্ত নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলাম বলেন, ‘তাঁকে খাগড়াছড়িতে বদলি করেছেন মহাপরিচালক।’ ১৬ নভেম্বর অবমুক্ত করা হলেও কেন যাননি এমন প্রশ্নে তিনি বলেন, ‘সমস্যা কী, আরও ৭ কর্মদিবস থাকতে পারব।’ তিনি বলেন, ‘অভিযোগ থাকতেই পারে। থাকলে পরিচালকের সঙ্গে কথা বলেন।’ পরিচালকের সঙ্গে যোগসাজশ করে অবৈধ ইটভাটার মালিকের কাছ থেকে টাকা নেওয়া প্রসঙ্গে দিদারুল বলেন, ‘এই অভিযোগের পাঁচ পয়সা দামও নেই।’

অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মুজাহিদুল ইসলাম জানান, দিদারুলের বিষয়ে অভিযোগের কারণেই তাঁকে খাগড়াছড়িতে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর অবমুক্তির তারিখ শেষ হলেও কিছুদিন থাকতে পারবেন। তাঁকে অবশ্য আমরা এখান থেকে রিলিজ দিয়েছি। এরপরও কেন এখন দিদারুল বরিশালে আছেন, এর কোনো জবাব দেননি পরিচালক।

ইটভাটা থেকে ২ লাখ টাকা করে উৎকোচ নেওয়া প্রসঙ্গে মুজাহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় গত এপ্রিলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী প্রতিবেদন প্রধান কার্যালয়ে দিয়েছেন।’

দিদারুল দুদকের মামলায় এক মাস কারাভোগ করলেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রধান কার্যালয়ে অবহিত করা হয়েছে।’

পরিচালকের দাবি, ব্যবস্থা নিতে পারে উপর মহল, তিনি কিছু করতে পারেন না। এ ছাড়া দিদারুলের অবৈধ ইটভাটা থেকে উৎকোচ নেওয়ার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।

এ ব্যাপারে পরিবেশ আইনবিদ সমিতির বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন বলেন, ‘লেনদেনের মাধ্যমে ইটভাটা রক্ষা করা ব্যক্তিস্বার্থ হাসিলের কর্মকাণ্ড। যদি কেউ এর সঙ্গে জড়িত থাকে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ ধরনের অভিযোগ আগের পরিচালকদের বিরুদ্ধেও ছিল। প্রতিবছর একই ভাটা চলে কী করে। হাইকোর্ট সব ইটভাটা ভাঙতে বলছেন। তারপরও ৩০০ অবৈধ ইটভাটা বরিশালে দাঁড়িয়ে থাকলে মানুষ প্রশ্ন তুলবেই। লেনদেন করে পরিবেশদূষণকারী ইটভাটা চললে পরিবেশ অধিদপ্তরের কী দরকার। পুলিশই তো পারে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি বন্দী
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন-ভাঙচুর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com