Current Bangladesh Time
Saturday November ২১, ২০২৬ ৯:৪৬ PM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
২১ November ২০২৬ Saturday ৮:০৮:৫৩ PM
Print this E-mail this

লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা


লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে চরের জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নিতে গিয়ে হামলা, মারধর, প্রাণনাশের হুমকি ও ক্ষতিসাধনের চেষ্টার অভিযোগে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মো. ফারুক (৫৫) নামে এক ব্যক্তি।

অভিযোগের পরিপ্রেক্ষিতে জমির বিরোধ ও ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গত ৯ নভেম্বর ভোলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এম.পি-৬৩২/২০২৬ নম্বর পিটিশন মামলা দায়ের করেন ফারুক। মামলার অন্য অভিযুক্তরা হলেন- বিএনপি নেতা জাকিরের ভাই আওয়ামী লীগ মনোনীত মেম্বার প্রার্থী কবির, শিপন, করিম ও হোসেন। তাদের মধ্যে কবিরকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করেছেন বাদী।

আদালতে দাখিল করা অভিযোগে ফারুক দাবি করেন, লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের জে.এল. ২৩ নম্বর মৌজার এসএ ১৩০০ নম্বর খতিয়ানের ৯.৪০ শতাংশ জমির মালিক তিনি ও তার পরিবারের সদস্যরা। জমিটির এসএ ৭২৬২ নম্বর দাগের ভূমি সিকস্তি থেকে পয়স্তি হলে তার বাবা আবদুল মান্নান মিসকেস নম্বর ৩৩২/৭৮-৭৯ দায়ের করেন। পরবর্তী সময়ে ১৯৮৪ সালের ৩০ জানুয়ারি ওই জমির মালিকানা লাভ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ফারুকের ভাষ্য অনুযায়ী, বাবার মৃত্যুর পর ওয়ারিশসূত্রে তিনি ও পরিবারের অন্য সদস্যরা জমিটির মালিকানা ও ভোগদখলের অধিকার পান। তবে ২০০৯ সালের ১৭ সেপ্টেম্বর রহিমা বিবি গং উপজেলা ভূমি অফিসের মাধ্যমে জমিটি নিজেদের নামে নামজারি করান। পরে বিষয়টি জানতে পেরে তারা ভূমি অফিসে মিসকেস দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ১৩০০ নম্বর খতিয়ানে করা ওই নামজারি বাতিল করা হয় বলে দাবি বাদীর।

বাদীর আরও অভিযোগ, নামজারি বাতিলের পরও জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের অবসান হয়নি। বরং প্রতিপক্ষরা বিভিন্ন সময়ে তাদের হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে আসছিলেন।

আদলতের অভিযোগে বলা হয়, গত ৪ নভেম্বর বুধবার বেলা ১১টার দিকে ফারুক বিরোধপূর্ণ জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নিতে গেলে বিএনপি নেতা জাকির হোসেনের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এতে তিনি আহত হন। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। পরে তার ডাক-চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় প্রতিকার চেয়ে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন ফারুক। আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য লালমোহন উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, চরের জমির বিষয়ে আমি কিছুই জানি না। যারা অভিযোগ করেছে, তাদের জিজ্ঞেস করেন, তারা আমাকে চেনে কি না। এই জমির বিষয়ে আমি কিছুই জানি না।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি বন্দী
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন-ভাঙচুর
বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ, টেকেরহাটে আটকা বরিশালগামী যানবাহন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com