Home » ক্যাম্পাস » বরিশাল » উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা
২১ November ২০২৬ Saturday ৫:৩৪:৩৪ PM
উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ ৩১-এ বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে দক্ষিণাঞ্চলের উপকূলীয় মানুষের জলবায়ু সংকট, অধিকার ও ন্যায্যতার দাবি তুলে ধরেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সোহেল রানা।
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলনে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপর্যস্ত বাংলাদেশের উপকূলীয় জনপদের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানানো হয়েছে।
সোহেল রানা বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম। অথচ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার মতো জলবায়ুজনিত দুর্যোগের ভয়াবহ প্রভাব মোকাবিলা করতে হচ্ছে দেশের উপকূলীয় জনগোষ্ঠীকে। বিশেষ করে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের লাখ লাখ মানুষের জীবন-জীবিকা, শিক্ষা ও স্বাস্থ্য ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে।
সম্মেলনে বাংলাদেশের জলবায়ু কূটনীতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ এবং ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার যে প্রস্তাব দিয়েছেন, তা সময়োপযোগী। পাশাপাশি ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) ‘আরাইজ’ (ARISE) কর্মসূচির প্রথম ধাপে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় ৩ কোটি মার্কিন ডলার পর্যন্ত অর্থায়নের সুযোগ তৈরি হয়েছে।
তবে অর্থ বরাদ্দের ঘোষণার চেয়ে এর যথাযথ ব্যবহার বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন সোহেল রানা। তাঁর ভাষায়, আন্তর্জাতিক সম্মেলনে কত অর্থের ঘোষণা দেওয়া হলো, তা দিয়ে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত হয়েছে কি না, তা বিচার করা যায় না। প্রকৃত সাফল্য আসবে তখনই, যখন বরাদ্দ করা অর্থ সরাসরি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষের কল্যাণে ব্যয় হবে।
তিনি আরও বলেন, প্রস্তাবিত ৩ কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনায় উপকূলীয় এলাকায় সুপেয় পানির ব্যবস্থা, লবণাক্ততা-সহিষ্ণু কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, টেকসই বেড়িবাঁধ ও আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং জলবায়ু-উদ্বাস্তুদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বরিশাল অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে সোহেল রানা বলেন, উপকূলের ‘মান্তা’ বা ভাসমান সম্প্রদায়ের মতো অতি দরিদ্র জনগোষ্ঠী জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতির শিকার হলেও সরকারি সেবা ও জলবায়ু নীতিতে তারা প্রায়ই উপেক্ষিত থাকে। তাই জলবায়ু প্রকল্পের পরিকল্পনা প্রণয়নের শুরু থেকেই নারী, প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র মৎস্যজীবী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
এ ছাড়া জলবায়ু প্রকল্পের অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীন তদারকি, সামাজিক নিরীক্ষা এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় উপকূলীয় তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের মঞ্চে দক্ষিণাঞ্চলের উপকূলীয় মানুষের সংকট ও অধিকার তুলে ধরার মধ্য দিয়ে সোহেল রানা জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর দাবিগুলো বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি বন্দী