বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ। এর মধ্যে ১২ জনকে সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে এবং একজনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্ত দুটি অনুমোদন করেছেন।
নিষ্ক্রিয়তার কারণে বহিষ্কৃত ১২ জনের মধ্যে আছেন শাখা ছাত্রদলের সহসভাপতি মো. রাকিবুল ইসলাম, মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা; যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন; সহসাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ; সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম; সহ-আইন সম্পাদক মো. রাকিব; সহতথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে।
শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিব বলেন, ক্যাম্পাস শাখা ছাত্রদলের কমিটি ১২৭ সদস্যের। বুধবার সভাপতি-সম্পাদকের নেতৃত্বে হাতে গোনা আট-দশজন প্রতিটি কর্মকর্তার কক্ষে গিয়ে তাঁদের হেনস্তা করেছেন, প্রকাশ্যে মারধর করেছেন। এক কর্মকর্তাকে মেরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজমাইনের প্রশ্ন, এটা যদি সাংগঠনিক দায়িত্বের মধ্যে পড়ে, তাহলে তিনি সংগঠনবিরোধী কাজ করেছেন।
প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হুমায়ুন কবিরকে হেনস্তা করার সময় তিনি বাধা দিয়েছিলেন বলে জানান আজমাইন। তাঁর মতে, হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যেত।
শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেনের দাবি, আটক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতা আছে। দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে তাঁদের আটক করে প্রক্টর কার্যালয়ে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
মোশাররফ হোসেন আরও বলেন, সাবেক সচিবের ভাই হুমায়ুন কবিরকে কার্যালয় থেকে নিয়ে আসার সময় আজমাইন সাকিব বাধা দিয়েছিলেন। এ ছাড়া বুধবারের ফ্যাসিস্টবিরোধী কর্মসূচিতে যাঁরা নিষ্ক্রিয় ছিলেন, তাঁদের বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছিল। কমিটি তদন্ত করে সত্যতা পেয়ে ১৩ জনকে সাময়িক বহিষ্কার করেছে বলে জানান তিনি।
তবে নিষ্ক্রিয়তার অভিযোগে বহিষ্কৃত চারজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় কর্মসূচিতে সব সময়ই তাঁরা সক্রিয় ছিলেন। তাছাড়া বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের তিনজন কর্মকর্তা ও একজন কর্মচারীকে মারধরের সঙ্গেও তাঁরা জড়িত ছিলেন না বলে দাবি করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি বন্দী