বাংলাদেশির গানে প্রশংসায় সালমান বিনোদন ডেস্ক
পেশাদার বক্সিংয়ের কারণেই লন্ডন প্রবাসী বাংলাদেশি আলী জ্যাকোর সঙ্গে সখ্যতা গড়ে উঠে বলিউড তারকা সালমান খানের। পরবর্তী সময়ে গানের জগতেও বেশ নাম করেন জ্যাকো।
সম্প্রতি বন্ধুত্বের কারণেই খুব আগ্রহসহকারে তার গান নিজের ছবি ‘রেস থ্রি’-তে যুক্ত করেছেন সালমান খান। গানের শিরোনাম ‘আল্লাহ দোহাই হ্যায়’।
গতকাল ১ জুন মুম্বাইয়ের একটি হোটেলে হয়ে গেল সে গানের প্রকাশনা উৎসব। আর সেই অনুষ্ঠানে বন্ধু জ্যাকোর বেশ প্রশংসাই করলেন সালমান। তবে দুষ্টুমির ছলে!
বললেন, ‘আমার এক বন্ধুর (জ্যাকো) কণ্ঠে অনেক দিন আগে গানটি শুনেছিলাম। অসাধারণ। তাকে বললাম গানটি ভালো, কিন্তু গলা খারাপ। এটা আমাকে দিলে ভালো করে গেয়ে নেব। আমি যখন গাইলাম, তখন ওর চাইতে আরও বাজে হলো। অবশেষে পরিচালক ও প্রযোজক সুরাজ সাক্সেনার মেয়ে ভিরা সাক্সেনাকে দিয়ে গানটি গাওয়ানো হয়।’
এরপর গায়িকাকে নিয়ে মঞ্চে গানটি পরিবেশন করেন সালমান।-বাংলা ট্রিবিউন
|