বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইনকে (দোয়াত কলম) নির্বাচন কমিশনে (ইসি) তলব করা হয়েছে।
নির্বাচনে অর্থ বিতরণসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দোয়াত কলমের ওই প্রার্থীকে ইসিতে তলব করা হয়।
গত শুক্রবার (২৪ মে) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা গেছে। চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইনকে ইসিতে সশরীরে আগামী সোমবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে।
নোটিশ সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে আগামী বুধবার (২৯ মে) পাথরঘাটা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইন তার কর্মী-সমর্থকদের অর্থ বিতরণ করে আচরণবিধি লঙ্ঘন করেছেন। যা ভিডিও ফুটেছে দেখা গেছে। এতে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ৭ এর (খ), (গ), (ঘ) ও ১১ (২) এবং ২১ এর (১) লঙ্ঘন হওয়ায় পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আপনার প্রার্থিতা কেন বাতিল এবং আইনি অন্যান্য কার্যক্রম নেওয়া হবে না এ বিষয়ে আগামী ২৭ মে সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনে (কক্ষ নং-৩১৪, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা) ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে।
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল আঞ্চলিক অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, অভিযোগ প্রমাণিত হলে চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসাইনকে সতর্কতা বা প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দিতে পারে ইসি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)