Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ১০ বছর পর মামলা থেকে অব্যাহতি পেলেন ঝালকাঠির ৪৭ জামায়াত নেতা
২৯ October ২০২৫ Wednesday ৮:৪০:১১ PM
১০ বছর পর মামলা থেকে অব্যাহতি পেলেন ঝালকাঠির ৪৭ জামায়াত নেতা
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে দীর্ঘ ১০ বছর পরে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরসহ ৪৭ নেতাকর্মী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বুধবার সকালে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম সবাইকে অব্যাহতির আদেশ দেন। ঝালকাঠির আদালতের পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঝালকাঠির রাজাপুরে একটি বাস গাড়ি পোড়ানোর অভিযোগে ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি এসআই মিজানুর রহমান বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। এতে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছিম আকন, রাজাপুর উপজেলা জামায়াতের আমির আবু বকর মো. সিদ্দিকসহ ৪৭ জন নেতাকর্মীকে আসামি করা হয়।
জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মিথ্যা মামলা হয়েছে। রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করার কারণে প্রায় মিথ্যা মামলায় আমাকে আসামি করা হত। এটিও একটি মিথ্যা মামলা। এই মামলায় অনেকে দীর্ঘ দিন জেল খেটেছেন। গত বছরের ৫ আগস্টের পর এই মিথ্যা মামলা থেকে তদন্তপূর্বক অব্যাহতির জন্য আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রথমে আইন মন্ত্রণালয়ে আবেদন করি। পরে তদন্তে বিষয়টি মিথ্যা প্রমাণিত হলে আইন মন্ত্রণালয়ে মামলা খারিজসহ সবাইকে অব্যাহতির দেয়ার জন্য আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করে। অবশেষে বুধবার মামলা খারিজসহ আমরা সবাই মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাই।’
তিনি বলেন, ‘দীর্ঘ ১০ পরে হলেও মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)