বরিশালে বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে হেলমেটধারী একদল সন্ত্রাসীর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গত রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের গুরগোবাড়ির পোল সংলগ্ন হাজী পাম্প এলাকায় এ হামলার শিকার হন দলটির নেতাকর্মীরা। হামলায় ওয়ার্ড শ্রমিক দলের সভাপতিসহ অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহানগর বিএনপির ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার আসার কিছুক্ষণ আগেই ২০-২২টি মোটরসাইকেলের একটি বহর নিয়ে হামলাকারীরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা উপস্থিত নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়।
হামলায় ২৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রফিক খলিফা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি বরিশাল শের-ই বাংলা হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া আরও ছয়জন নেতাকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার পেছনে ৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপিতে যোগ দেওয়া সাবেক আওয়ামী লীগ ক্যাডারদের দায়ী করছেন মহানগর বিএনপির ২৫ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নুরুজ্জামান দোলন। তার দাবি, মহানগর বিএনপির এক প্রভাবশালী নেতার প্রশ্রয়ে এসব বহিরাগতরা হামলা চালিয়েছে।
অন্যদিকে, সাবেক সদস্য সচিব নূরে আলম খান সরাসরি মহানগর বিএনপির সদস্য সচিব জিয়ার অনুসারীদের অভিযুক্ত করেছেন। তবে হামলার বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, “আমরা বিষয়টি শুনেছি এবং পুলিশকে জানানো হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে বিএনপি নেতারা নিশ্চিত করেছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া