Current Bangladesh Time
Monday June ২৯, ২০২৬ ৫:০৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা
৪ March ২০২৬ Wednesday ৯:০১:৪৬ PM
Print this E-mail this

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা


বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

ওই শিক্ষার্থীর বিরুদ্ধে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর সাধারণ শিক্ষার্থী ও সনাতন ধর্মাবলম্বী ছাত্রীদের পক্ষ থেকে পৃথক দুটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পরে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ওই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে সহপাঠী নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি নিজের ডিভাইসে সংরক্ষণ করে আসছিলেন। সম্প্রতি তাঁর মুঠোফোন জব্দ করে সেখানে সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষার্থীর আপত্তিকর ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্পাদিত ছবি ও ভিডিও পাওয়া গেছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের আশঙ্কা, এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। এতে তারা মানসিকভাবে বিপর্যস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের অভিযোগ, বিষয়টি শুধু ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন নয়; বরং এর সঙ্গে কোনো সংগঠিত চক্র জড়িত থাকতে পারে—এমন সন্দেহও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে সনাতন ধর্মাবলম্বী এক ছাত্রী বলেন, পূজার সময় বিভিন্ন সাংগঠনিক কাজে একসঙ্গে থাকতে হয়। ফলে ব্যক্তিগত ও দলীয় অনেক ছবি তাঁর ফোনে থাকতে পারে। সেসব ছবি বিকৃত বা অপব্যবহার করা হয়েছে কি না, তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। তিনি নিরপেক্ষ তদন্ত ও দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. মিরাজ জানান, গতকাল মঙ্গলবার রাতে অভিযুক্ত শিক্ষার্থী অনুমতি ছাড়া তাঁর এক নারী সহপাঠীর কিছু আপত্তিকর ছবি ধারণ করেন। বিষয়টি টের পেয়ে ওই শিক্ষার্থী তাঁর ফোন পরীক্ষা করেন। তখন অভিযুক্তের ফোনে আরও অনেকের আপত্তিকর ছবি পাওয়া যায়। খবরটি ছড়িয়ে পড়লে একই ব্যাচের অন্য শিক্ষার্থীরা জড়ো হন এবং তাঁরাও ফোনে সংরক্ষিত ছবিগুলো দেখে ক্ষোভ প্রকাশ করেন। পরে অভিযুক্তকে আটকে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও বিভাগের শিক্ষকদের খবর দেওয়া হয়। শিক্ষকদের উপস্থিতিতে রাতেই করণীয় নিয়ে আলোচনা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীর অভিভাবককে বিষয়টি জানায়।আজ সকাল থেকে বিভাগের শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তাঁদের হাতে ‍‘শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানিকারীর ঠাঁই নাই’, ‘ধর্ষকদের সনদ বাতিল করতে হবে’, ‘যৌন হয়রানির বিচার চাই’ স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে ঢাকায় অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল ভিডিও কলে শিক্ষার্থীদের জানান, ঘটনাটি তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত শিক্ষার্থী ছবি বা ভিডিও অন্য কোথাও ছড়িয়েছেন কি না এবং কোনো চক্রের সঙ্গে যুক্ত আছেন কি না, তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও গ্রহণ করা হবে বলে তিনি জানান।

যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তৌফিক আলম বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রক্টরিয়াল বডি তদন্ত চালাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সাইবার–সংক্রান্ত কারিগরি সীমাবদ্ধতার কারণে প্রয়োজন হলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com