Current Bangladesh Time
Tuesday July ২৮, ২০২৬ ৪:১৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » হিজলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ১০
২৭ July ২০২৬ Monday ১:৪১:১৫ PM
Print this E-mail this

হিজলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ১০


মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নের মান্দ্রা বাজার এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও দলীয় কোন্দলকে কেন্দ্র করে সংঘর্ষে ইউনিয়ন বিএনপির আহ্বায়কসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে গৌরব্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দীন ব্যাপারী; যুগ্ম আহ্বায়ক আলম শরীফ সিকদার ও জসিম উদ্দীন সিকদার; ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দীন বাবুর্চি এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মাঝির নাম জানা গেছে। আহত নেতাদের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গৌরব্দী ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব মনির হোসেন দেওয়ানের অনুসারী ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দীন ব্যাপারী। আজ বিকেলে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মান্দ্রা বাজারে গণসংযোগে যান তিনি।

ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় শেষে আসরের নামাজ আদায় করে স্থানীয় মসজিদ থেকে বের হওয়ার পর তাঁর ওপর সশস্ত্র হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্রের দাবি। এ সময় নেতা-কর্মীরা প্রতিরোধের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

অভিযোগ উঠেছে, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনের অনুসারী এবং বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সদস্য ইসমাইল মোল্লা ও বিএনপি নেতা নোমান মাস্টারের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এ হামলা চালায়। হামলাকারীরা আসন্ন নির্বাচনে তানভীর তালুকদার নামে অপর এক প্রার্থীকে সমর্থন দিয়ে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, প্রায় এক মাস আগে গৌরব্দী ইউনিয়নের চান্দু নামের এক ছাত্রদল নেতাকে মারধর করেছিলেন ইসমাইল মোল্লা। পরে ফরিদ উদ্দীন ব্যাপারীর অনুসারীরা ইসমাইল মোল্লার ওপর হামলা চালিয়ে তাঁকে আহত করেন। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ওই পূর্বশত্রুতা ও নির্বাচনী বিরোধের জেরেই আজ পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটেছে।

ঘটনার খবর পেয়ে হিজলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার উপপরিদর্শক (এসআই) মো. বাশার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার সাপেক্ষে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com