পটুয়াখালীর দুমকিতে রাতের আঁধারে মো. আরিফ হোসেন (২৮) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্তে কাজ করছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকন বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত আরিফ হোসেন পশ্চিম লেবুখালী ৩ নম্বর ওয়ার্ডের কবির হাওলাদারের ছেলে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে আকন বাড়ির সামনে পৌঁছলে অজ্ঞাতনামা কয়েকজন তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লেবুখালী প্রাইভেট হসপিটালে নিয়ে যান।
স্বজন ও স্থানীয়দের দাবি, আরিফের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নদ-নদীতে ইলিশের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা