Current Bangladesh Time
Monday October ৫, ২০২৬ ৫:৫২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » কুয়াকাটায় দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার
৫ October ২০২৬ Monday ৩:৪৮:৪১ PM
Print this E-mail this

কুয়াকাটায় দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার


মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি:

বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা পটুয়াখালীর কুয়াকাটার সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র চর বিজয় দ্বীপে দেখা মিলেছে দৃষ্টিনন্দন নীল-সবুজ রঙের পাখি ভেরডিটার ফ্লাইক্যাচার। মূলত বাংলাদেশে নীল কটকটিয়া বা অম্বর চুটকি নামে পরিচিত অত্যন্ত দৃষ্টিনন্দন এবং উজ্জ্বল রঙের পরিযায়ী পাখিটি।

রোববার (৪ অক্টোবর) চরটিতে মাছ ধরতে আসা জেলেরা পাখিটিকে বালুচরে দেখতে পায়। বিরল এ পাখিটির দেখে ছবি তোলেন তারা। পরে স্থানীয় পরিবেশবাদী সংগঠনদের খবর দেন। 

স্থানীয় ও পরিবেশবাদীদের মতে, নির্জন এ দ্বীপে ভেরডিটার ফ্লাইক্যাচারের উপস্থিতি চর বিজয়ের ক্রমবর্ধমান সমৃদ্ধ জীববৈচিত্র্যের এক নতুন ও ইতিবাচক দিগন্ত উন্মোচন করেছে। পাখিটির দৈর্ঘ্য সাধারণত ১৫ থেকে ১৭ সেন্টিমিটার।

স্থানীয় জেলে সাইদুল বলেন, চর বিজয়ের বালুতে পাখিটি দেখি। বৃষ্টিতে ভেজা ছিল। এটা উড়তে পারছিল না। পরে আমি ধরে রোদে শুকিয়ে সুস্থ করে ছেড়ে দিছি। এমন পাখি আগে কোনোদিন দেখি নাই। এত সুন্দর নীল রংয়ের পাখি প্রথম দেখলাম।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, চর বিজয়ে পরিযায়ী পাখির নিয়মিত বিচরণ প্রমাণ করে দ্বীপটি উপকূলীয় জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ একটি আবাসস্থল হয়ে উঠছে। ভেরডিটার ফ্লাইক্যাচারের মতো পাখির উপস্থিতি আনন্দের পাশাপাশি পরিবেশ রক্ষারও একটি বার্তা দেয়। পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে পাখি শিকার, ফাঁদ ও জাল পাতা বন্ধের পাশাপাশি পর্যটকদেরও সচেতন হতে হবে। প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখে বনায়ন ও সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

বাংলাদেশ বন বিভাগের তথ্য অনুযায়ী, ভেরডিটার ফ্লাইক্যাচার বাংলাদেশে একটি সাধারণ ও বিস্তৃত শীতকালীন পরিযায়ী পাখি। শীতকালে এটি একা বা ছোট দলে বিচরণ করে। খোলা বন, বনপ্রান্ত, ঝোপঝাড়, বাগান ও গ্রামীণ গাছপালার এলাকায় এদের দেখা যায়। প্রধান খাবার ছোট ছোট পোকামাকড়।

পাখি পর্যবেক্ষকদের মতে, বাংলাদেশে শীতের অতিথি পাখিদের আগমন শরতের শেষভাগ থেকেই শুরু হয়। ভেরডিটার ফ্লাইক্যাচারকেও শীতকালীন পাখি হিসেবে দেশের বিভিন্ন এলাকায় দেখা যায়। গবেষণায় বাংলাদেশে সেপ্টেম্বর মাসে এ প্রজাতির উপস্থিতির রেকর্ডও পাওয়া গেছে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, চর বিজয়ে এর আগে ঝাউ, হেঁতাল, গেওয়া ও গোলপাতাসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। সেখানে নিয়মিত বনায়ন কার্যক্রমও চলছে। প্রায় ২৩০ একর আয়তনের চর বিজয়ে সারা বছরই বিভিন্ন প্রজাতির পাখির বিচরণ দেখা যায়। শীত মৌসুমে সাইবেরিয়া থেকে আসা অতিথি পাখির পাশাপাশি গাংচিল, বদর কবুতরসহ বিভিন্ন পাখির দেখা মেলে। সম্প্রতি নতুন করে ভেরডিটার ফ্লাইক্যাচারেরও দেখা মিলেছে। এছাড়া বক, সাদাবক, গোবক ও চ্যাঁকাসহ প্রায় ৮ থেকে ১০ প্রজাতির পাখির বিচরণ রয়েছে। দ্বীপজুড়ে রয়েছে লাল কাঁকড়ারও বিচরণ।

তিনি আরও বলেন, চর বিজয়ের চারপাশে পানির গভীরতা কম হওয়ায় এলাকাটি সামুদ্রিক মাছের প্রজনন ও মাছের পোনা বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ স্থান হিসেবে গড়ে উঠছে। তবে বন বিভাগের লোকবল কম। নৌপথে নিয়মিত যাতায়াতের জন্য প্রয়োজনীয় নৌযান না থাকায় চর বিজয়ে নিয়মিত নজরদারি করাও সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত লোকবল ও নৌযান পাওয়া গেলে দ্বীপটির জীববৈচিত্র্য রক্ষা এবং নিয়মিত নজরদারি আরও জোরদার করা সম্ভব হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, শীত মৌসুমের শুরুতেই চর বিজয়ে বিভিন্ন প্রজাতির পাখির আগমন ঘটে। পুরো দ্বীপজুড়ে রয়েছে লাল কাঁকড়ার বিচরণ। চর বিজয়ের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নজরদারি ও সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি পর্যটকদের পরিবেশবান্ধব ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। সম্প্রতি ভেরডিটার ফ্লাইক্যাচারের আগমন চর বিজয়ের সমৃদ্ধ জীববৈচিত্র্যের নতুন বার্তা দিচ্ছে।

কুয়াকাটা থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা চর বিজয় শীত মৌসুমে পরিযায়ী পাখিদের অন্যতম বিচরণস্থল হিসেবে পরিচিত। দ্বীপটিতে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির পাশাপাশি লাল কাঁকড়ারও বিচরণ দেখা যায়। বন বিভাগের উদ্যোগে সেখানে ঝাউসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হচ্ছে। ২০২৫ সালে দ্বীপটিতে ৪০ হাজার ঝাউগাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়। ধারাবাহিক বনায়নের ফলে চরটি ভবিষ্যতে অতিথি পাখির নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হবে বলে আশা করছে বন বিভাগ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com