Home » আমতলী » বরগুনা » আমতলীতে নিষেধাজ্ঞার আগে নদী থেকে জাল-খুঁটি তুলতে গিয়ে নিখোঁজ জেলে
৮ October ২০২৬ Thursday ১:০৮:৫৬ PM
আমতলীতে নিষেধাজ্ঞার আগে নদী থেকে জাল-খুঁটি তুলতে গিয়ে নিখোঁজ জেলে
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
মা ইলিশ ধরায় বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ নিয়ম মেনে বুধবার সকালে জাল, নদীতে পুঁতে রাখা খুঁটি ও রশি অপসারণ করতে গিয়ে বরগুনার আমতলীর পায়রা (বুড়িশ্বর) নদীতে নিখোঁজ হয়েছেন জেলে ওমর আলী গাজী (৪৮)।
বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজ জেলে ওমর আলী আমতলী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাকিম গাজীর ছেলে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাত থেকে মা ইলিশ সংরক্ষণের জন্য ২২ দিনের অবরোধ শুরু।ওই অবরোধকে সামনে রেখে জেলে ওমর আলী পায়রা (বুড়িশ্বর) নদী থেকে জাল ধরার সরঞ্জাম, রশি ও নদীতে পুঁতে রাখা খুঁটি অপসারণের জন্য নিজ নৌকা নিয়ে সকাল ১১টার সময় মাঝ নদীতে যান। খুঁটি অপসারণের সময় আকস্মিক মাথা ঘুরে তিনি মাঝ নদীতে পড়ে ডুবে যান। দূর থেকে কয়েকজন জেলে এ ঘটনা দেখতে পেয়ে ছুটে এসে তার কোনো সন্ধান করতে পারেনি।
স্থানীয়রা আমতলী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে যান।তারাও কোনো সন্ধান করতে না পারায় ফায়ার সার্ভিসের পটুয়াখালীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা এসে উদ্ধার কাজ শুরু করেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭ ঘণ্টায়ও নিখোঁজ জেলে ওমর আলীকে উদ্ধার করতে পারেনি ডুবুরি দল।
নিখোঁজ জেলে ওমর আলীর স্ত্রী জেসমিন বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, মোর স্বামী আর নাই| আয়-রোজগারের মানুষটা মরে গেছে। পাঁচটা মেয়ে নিয়ে এখন কী খেয়ে বাঁচব! আল্লাহ আমাকেও নিয়ে যাও।ও আল্লাহ, আমার স্বামীর মুখটা একটুখানি দেখতে চাই। তোমরা আমার স্বামীকে এনে দাও।
এভাবে বিলাপ করে বারবার মূর্ছা যাচ্ছিলেন জেসমিন বেগম।
আমতলী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার (লিডার) মো. গোলাম মোস্তফা বলেন, আমতলী এবং পটুয়াখালী ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটছে।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস বলেন, নিখোঁজ জেলে ওমর আলী একজন আদর্শ জেলে। তিনি সরকারের সব দিকনির্দেশনা মেনে মাছ শিকার করেন। বৃহস্পতিবার থেকে মা ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা থাকায় বুধবার তার জাল ধরার সরঞ্জাম, নদীতে পুঁতে রাখা খুঁটি ও রশি অপসারণ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। এটি খুবই দুঃখজনক ঘটনা।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, নিখোঁজ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সহায়তা করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি