Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ
১৫ October ২০২৬ Thursday ৩:৩৯:৫৩ PM
বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ
নগর প্রতিনিধি:
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার রাত ১০টার দিকে কলেজের লাইব্রেরি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খানও আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষের দিকে কলেজের লাইব্রেরির সামনে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রদলের কর্মীদের সঙ্গে বিএম কলেজের একদল ছাত্রদল কর্মীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অধ্যক্ষ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময় তিনি আহত হন। সংঘর্ষের কারণে সাংস্কৃতিক অনুষ্ঠানও ব্যাহত হয় এবং দ্রুত শেষ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতেম আলী কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সিজানের অনুসারীদের সঙ্গে বিএম কলেজের ছাত্রদল কর্মী জিদানের অনুসারীদের মধ্যে গত রোববার কলেজের সামনে সিনিয়র-জুনিয়র বিরোধ নিয়ে সংঘর্ষ হয়। ওই ঘটনার জের ধরে বুধবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়। বহিরাগত ছাত্রদল কর্মীদের একটি অংশ ক্যাম্পাসে প্রবেশ করলে সিজান ও জিদানের অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রাত ১০টার দিকে লাইব্রেরির সামনে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হাতেম আলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মোস্তাক সরদার শাওন বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে কনসার্টের শেষ দিকে কলেজের সামনের এলাকার ও লেকপাড়ের ছেলেদের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির সময় অধ্যক্ষের মাথায় আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি দ্রুত বাড়ি চলে যান।
শাওন আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে ছাত্রদল এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল।
কলেজের নবীনবরণ উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক নজমুল হক বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিকে কয়েকজন শিক্ষার্থী লাইব্রেরির পাশের ফুলের বাগানে ঘুষাঘুষিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে কীভাবে যেন অধ্যক্ষের গালের ওপরের অংশ কেটে যায়। পরে তাঁকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে সরকারি হাতেম আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খানের মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপেও যোগাযোগের চেষ্টা করা হয়, তবে সাড়া পাওয়া যায়নি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নোনা জলের আগ্রাসন উপকূলের নদী থেকে গভীর নলকূপে
পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না এম,পি সরোয়ার
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে