নদীতে মিলল নিখোঁজ কিশোরের ক্ষতবিক্ষত মরদেহ, বাবার বিরুদ্ধে হত্যা মামলা
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর সন্ধ্যা নদী থেকে সিয়াম (১৩) নামের এক কিশোরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বাক্প্রতিবন্ধী বাবা আরিফ রাঢীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন পরিবারের সদস্যরা। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
আজ শনিবার সকালে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী লঞ্চঘাট-সংলগ্ন নদী থেকে সিয়ামের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহের মাথা, ঘাড় ও পিঠের পেছনে জখমের চিহ্ন রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে সিয়ামকে সঙ্গে নিয়ে সন্ধ্যা নদীতে মাছ ধরতে যান বাবা আরিফ রাঢী। রাত ৮টা পর্যন্ত তাঁরা বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন সিয়ামের মা মুন্নি বেগম। পরদিন সকালে সিয়ামের বড় ভাই পাশের গোবিন্দকাঠি গ্রামে গিয়ে আরিফকে দেখতে পান। এ সময় সিয়ামের কথা জানতে চাইলেও আরিফ কোনো উত্তর দেননি বলে দাবি করেন মুন্নি বেগম।
গতকাল শুক্রবার ছেলের নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মুন্নি। শনিবার সকালে নদীতে ছেলের মরদেহ ভেসে থাকার খবর পান। মুন্নি বেগম জানান, ছেলের মরদেহের মাথা ও ঘাড়ের পেছনে আঘাতের চিহ্ন দেখেছেন তিনি। তাঁর সন্দেহ, নৌকায় মাছ ধরার সময় কোনো ঘটনা ঘটে থাকতে পারে। সিয়ামকে নিয়ে নদীতে যাওয়ার পর থেকে তাঁর স্বামী আর বাড়ি ফেরেননি বলেও জানান তিনি।
সিয়ামের চাচা পলাশ জানান, বাবা-ছেলে একসঙ্গে মাছ ধরতে যাওয়ার পর তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। একদিন পর গোবিন্দকাঠি এলাকায় আরিফকে পাওয়া গেলেও কিশোর সিয়ামের সন্ধান মেলেনি। পরে শনিবার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথা, ঘাড় ও পিঠের পেছনে কোপের মতো জখমের চিহ্ন ছিল বলে দাবি করেন তিনি।
পলাশ আরও বলেন, সিয়ামের মরদেহ উদ্ধারের পর ক্ষুব্ধ এলাকাবাসী আরিফকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রাজবাড়ী লঞ্চঘাট থেকে শেহাংগল লঞ্চঘাটে খেয়া পারাপারের মাঝি জসিম বলেন, শনিবার সকাল ৮টার দিকে খেয়া পারাপারের সময় লঞ্চ টার্মিনালের সামনে নদীতে একটি মরদেহ ভাসতে দেখি। পরে স্থানীয়দের খবর দিলে তাঁরা এসে লাশটি সিয়ামের বলে শনাক্ত করেন।
নেছারাবাদ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত বলেন, মরদেহ উদ্ধারের সময় কিশোরের মাথা, ঘাড় ও পিঠের পেছনে জখমের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। অভিযুক্ত বাবা পুলিশ হেফাজতে রয়েছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সিয়াম নিখোঁজের এ ঘটনায় শুক্রবার থানায় সাধারণ ডায়েরি করা হয়। শনিবার সকালে নদী থেকে তার মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সিয়ামের বাবা আরিফ রাঢী পুলিশ হেফাজতে রয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন চার পুলিশ কর্মকর্তা বদলি
বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস