বেচাকেনা শেষ করে দোকানের সঙ্গে লাগোয়া ছোট্ট বসতঘরেই ঘুমিয়ে পড়েছিলেন পরিমল মিস্ত্রী ও তাঁর স্ত্রী সরস্বতী। গভীর রাতে হঠাৎ ঘুমন্ত সরস্বতীর বাম হাতে এসে পড়ে আগুনের ফুলকি। চমকে উঠে দেখেন, দোকানে দাউ দাউ করে জ্বলছে আগুন। মুহূর্তেই স্বামী ও ছেলেকে ডেকে তোলেন তিনি। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো দোকান ও বসতঘরে। প্রাণ বাঁচাতে এক কাপড়েই ঘর থেকে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় তাঁদের সাজানো সংসার। দোকানের মালামাল, আসবাবপত্র, সারা জীবনের সঞ্চয়—কিছুই রক্ষা করতে পারেননি তাঁরা।
গত ১৫ নভেম্বর মধ্যরাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে চা-দোকানি পরিমল মিস্ত্রীর পরিবার। ওই আগুনে বাজারের ১৮টি দোকান, দুটি বসতঘর ও একটি মন্দির পুড়ে যায়। ব্যবসাপ্রতিষ্ঠানের সর্বস্ব হারানোর পাশাপাশি মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়েছেন পরিমল। যে দোকানের আয় দিয়ে চলত চার সদস্যের সংসার, সেই দোকান ও বসতঘর এখন পোড়া ছাইয়ের স্তূপ।
পরিমল মিস্ত্রী অ্যাজমায় আক্রান্ত। চায়ের দোকানে চা, পান ও সিগারেট বিক্রি করেই চলত তাঁর সংসার, নিজের ওষুধ ও ইনহেলারের খরচ এবং সন্তানদের পড়াশোনা। তাঁর দুই মেয়ে ও এক ছেলে। বড় মেয়েকে নার্সিং পড়িয়ে বিয়ে দিয়েছেন। তবে এখনো তাঁর চাকরি হয়নি। ছোট মেয়েকে বেসরকারিভাবে নার্সিং পড়াচ্ছেন। ছেলে বাজারের একটি ইলেকট্রনিকসের দোকানে কাজ করার পাশাপাশি কলেজে পড়াশোনা করছে।
পরিমল জানান, ব্যাংকে তাঁর কোনো সঞ্চয় নেই। দোকানের প্রতিদিনের বিক্রি থেকে লাভের টাকা অল্প অল্প করে জমাতেন একটি বড় টিনের কৌটায়। রাবার দিয়ে বেঁধে সেই কৌটাতেই রাখতেন সঞ্চয়। কয়েক দিন আগে একটি এনজিও থেকে ঋণ নিয়েও সেই টাকা কৌটায় রেখেছিলেন। সব মিলিয়ে সেখানে প্রায় ৮০ হাজার টাকা ছিল। মেয়ের নার্সিং পরীক্ষার ফি, হোস্টেল খরচ এবং দোকানে নতুন মালামাল কেনার পরিকল্পনা ছিল সেই টাকা দিয়ে। কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাঁর সব সঞ্চয়।
এখনো পোড়া টাকার বান্ডিলভর্তি সেই কৌটাটি বুকে জড়িয়ে ধরে কাঁদেন পরিমল। বাজারে কেউ ক্যামেরা হাতে তাঁর কাছে গেলেই কান্নায় ভেঙে পড়েন। চোখের পানি মুছতে মুছতে জানান, কীভাবে এক রাতেই শেষ হয়ে গেল সারা জীবনের পরিশ্রম।
আগুনে পরিমলের স্ত্রী সরস্বতীর বাম হাতও দগ্ধ হয়েছে। নিজের পোড়া হাত দেখিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এই পোড়া হাতের চিকিৎসার জন্য একটু মলম কিনব, সেই টাকাটুকুও এখন আমাদের কাছে নেই।’
অগ্নিকাণ্ডের পর থেকে পুরো পরিবার এক কাপড়ে দিন কাটাচ্ছে। দোকান ও বসতঘর হারিয়ে দুই দিন ধরে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন তাঁরা। অন্যের দেওয়া খাবার খেয়ে দিন কাটছে পরিবারটির।
প্রতিবেশী মো. আলী হায়দার বলেন, বাজারে ১৮টি দোকান পুড়ে ছাই হয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে পরিমলের মতো অসহায় পরিবার আর নেই। তাঁর কোনো বাড়িঘর বা জমিজমা নেই। দোকানের একটি অংশে বসতঘর বানিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন। তিনি নিজেও অসুস্থ। চা বিক্রির আয়েই সংসার, নিজের ওষুধ এবং ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালাতেন। এক রাতের আগুনে তাঁর সব শেষ হয়ে গেছে। এখন পরিবারটি এক কাপড়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে।
গুয়ারেখা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মজিবুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে বাজারের ১৮টি দোকান, দুটি বসতঘর ও একটি মন্দির পুড়ে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে পরিমল মিস্ত্রীর পরিবার সবচেয়ে বেশি অসহায় অবস্থায় পড়েছে। তাদের মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। দুই মেয়ে নার্সিং পড়ছে, ছেলে কলেজে পড়ে। দোকানের আয়েই চলত তাদের সংসার। কৌটায় জমানো ও এনজিও থেকে ঋণ নেওয়া সব মিলিয়ে প্রায় ৮০ হাজার টাকাও পুড়ে গেছে। এখন পরিবারটির খাবারের ব্যবস্থাটুকু করাও কঠিন হয়ে পড়েছে।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর পক্ষ থেকে জনপ্রতি দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আরও সহায়তা এলে তাঁদের বিষয়টি বিবেচনা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর রাখা হচ্ছে।
একটি ছোট্ট চায়ের দোকানই ছিল পরিমল মিস্ত্রীর পরিবারের বেঁচে থাকার অবলম্বন। সেই দোকানের আয়েই চলত সংসার, সন্তানদের লেখাপড়া আর অসুস্থ শরীরের চিকিৎসা। আগুনে পুড়ে গেছে সেই অবলম্বন, পুড়ে গেছে ভবিষ্যতের জন্য জমানো শেষ সম্বলটুকুও। এখন দগ্ধ হাতের চিকিৎসা, পরিবারের খাবার আর নতুন করে মাথা গোঁজার ঠাঁই—সবই অনিশ্চিত। সব হারিয়ে পরিমল মিস্ত্রীর পরিবারের সামনে এখন একটাই প্রশ্ন, কীভাবে আবার ঘুরে দাঁড়াবেন তাঁরা?
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ!
৯ বছর পর কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল
একটি সেতুর অভাবে আটকে আছে ভোলার ব্যাপক সম্ভাবনা!
জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার-ববি’তে শিক্ষামন্ত্রী