বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিসে জমির নামজারি করে দেওয়ার কথা বলে এক নারীর কাছ থেকে ১৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আবদুল করিম হাওলাদার ওরফে বাবলু (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া ১৪ হাজার টাকাও উদ্ধার করে ফেরত দেওয়া হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকালে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়ালের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৬ নম্বর ফরিদপুর ইউনিয়নের মঙ্গলসী গ্রামের বাসিন্দা মাস্টার আবদুল লতিফ মোল্লার স্ত্রী মনোয়ারা বেগমের জমির দলিলের রেকর্ড নামজারি করে দেওয়ার আশ্বাস দেন আবদুল করিম হাওলাদার ওরফে বাবলু। এ কাজের জন্য প্রায় দেড় মাস আগে তিনি মনোয়ারা বেগমের কাছ থেকে ১৪ হাজার টাকা নেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও নামজারি করে না দিয়ে নানা অজুহাতে তাকে ঘোরাতে থাকেন।
একপর্যায়ে কোনো উপায় না পেয়ে বুধবার সকালে ভুক্তভোগী মনোয়ারা বেগম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়ালের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত বাবলুর ব্যবহৃত মোবাইল ফোনে কল করে তাকে ভূমি কর্মকর্তার কার্যালয়ে ডেকে আনেন। সেখানে জিজ্ঞাসাবাদে বাবলু অভিযোগের সত্যতা স্বীকার করেন বলে জানা গেছে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুক্তভোগীর ১৪ হাজার টাকা উদ্ধার করে তাকে ফেরত দেওয়া হয়। পাশাপাশি অভিযুক্ত বাবলুকে এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল বলেন, বাকেরগঞ্জ ভূমি অফিসে কোনো দালালের স্থান নেই। এ অফিসে ভূমিসংক্রান্ত সব সেবা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এবং দালালমুক্ত পরিবেশে প্রদান করা হচ্ছে। সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই সেবাগ্রহীতারা তাদের প্রয়োজনীয় সেবা পাচ্ছেন।
তিনি আরও বলেন, ভূমি অফিসের নাম ব্যবহার করে কোনো দালাল কাউকে প্রভাবিত করার চেষ্টা করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)