Home » ঝালকাঠি » রাজাপুর » ঝালকাঠির রাজাপুরে দোকান ও গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি
২৮ November ২০২৬ Saturday ১:৩৪:৪০ PM
ঝালকাঠির রাজাপুরে দোকান ও গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি
ঝালকাঠি প্রতিনিধিঃ
Screenshot
ঝালকাঠির রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর মুদি মনোহারি দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, চাল, চিনি, তেল, ফ্রিজসহ সব মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
শনিবার ভোররাত ৩টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী ক্লাব বাজার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয়রা ভোররাত ৩টার দিকে আগুন জ্বলতে দেখা ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকান ও গোডাউনের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন সিকদার জানান, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। রাত ৩টার দিকে দোকানে আগুন লাগার খবর পান। আগুনে দোকানে থাকা নগদ ও বিকাশের প্রায় এক লাখ টাকা, ৫০ বস্তা চাল, চিনি, তেল, মুদি মনোহারি পণ্য ও দুটি ফ্রিজ পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর।
ব্যবসায়ীর দাবি, দোকানে অটো সার্কিট ব্যবস্থা থাকায় বিদ্যুৎ থেকে আগুন লাগার আশঙ্কা নেই। রাতের আঁধারে দুর্বৃত্তরা আগুন দিয়ে থাকতে পারে বলে সন্দেহ তাঁর। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
রাজাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানিয়েছে, আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজাপুর থানা-পুলিশ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)