বানারীপাড়ায় প্রসূতির রাস্তায় সন্তান প্রসব!
বরিশাল, ২৫ ডিসেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): বানারীপাড়ায় রাস্তায় কণ্যা সন্তান প্রসব করেছেন আখি বেগম নামের এক অন্তঃসত্ত্বা মা। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। প্রসূতির পরিবারের অভিযোগ, সঠিক সময়ে হাসপাতালে আনা হলেও প্রাইভেট ক্লিনিকে ভর্তি করানোর জন্য চিকিৎসক ও সেবিকারা অহেতুক সময়ক্ষেপন করায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, বানারীপাড়া পৌর এলাকার ৬নং ওয়ার্ডের বাসিন্দা কবির হোসেনের স্ত্রী আখি বেগম প্রসব বেদনায় অসুস্থ হয়ে পরলে ২৫ ডিসেম্বর রোববার সকালে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এসময় উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা সেবিকা করুনা বিশ্বাস প্রসূতিকে সারাদিন কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসককে না জানিয়ে তার তত্ত্বাবধানে রেখে চিকিৎসা না দিয়েই বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপন করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে করুনা বিশ্বাস সারাদিন প্রচন্ড যন্ত্রনায় ছটফট করা ওই প্রসূতিকে এসে জানান, এখনই পাশের সেবা সদন ক্লিনিকে নিয়ে তাকে সিজারিয়ান অপারেশন করাতে হবে। এসময় কোন উপায় না পেয়ে প্রসূতিকে পার্শ্ববর্তী সেবা সদন ক্লিনিকে নেয়ার জন্য বের করা হলে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের রাস্তায় বসেই একটি কন্যা সন্তান প্রসব করেন অন্তঃসত্ত্বা আখি বেগম।
অবহেলার কারনে রাস্তায় সন্তান প্রসবের ঘটনা জানতে পেরে প্রসূতির আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন জড়ো হয়ে সেবিকা করুনাকে তার কক্ষে অবরুদ্ধ করে অবহেলাকারী চিকিৎসক ও সেবিকা করুনার শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে বানারীপাড়া পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা গিয়ে দোষীদের বিচারের আশ্বাস দিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা করুনা বিশ্বাস বলেন, অন্তঃসত্বা আখি বেগম প্রসব বেদনা নিয়ে সকালে হাসপাতালে ভর্তি হলে তার চিকিৎসার সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়। বাচ্চা প্রসব করানোর চেষ্টাও করা হয়। এতে তার প্রেসার বেড়ে গিয়ে সন্ধ্যার দিকে একটু অসুস্থ হয়ে পরেন তিনি। এ অবস্থায় তার পরিবারের লোকজন জোড় করে তাকে অন্যত্র নিয়ে যেতে চায়। তাদেরকে রেফার করা হয়নি।
বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এম নুরুল ইসলাম বলেন, আমি ঢাকার উদ্দেশ্য লঞ্চে আছি। তবে মুঠোফোনে ঘটনাটি শুনেছি। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
প্রসংগত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবিকা, উপসহকারী মেডিকেল অফিসার ও স্বাস্থ্য সহকারীদের বিরুদ্ধে হাসপাতাল থেকে রোগীদের পাশ্ববর্তী ক্লিনিকে নিয়ে সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন অপারেশন করিয়ে কমিশন নেয়ার অভিযোগ রয়েছে। গত বছরও নার্স এবং চিকিৎসকের অবহেলার কারনে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এক প্রসূতির সন্তান প্রসবের ঘটনা ঘটেছিল।
–
(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |