জিয়ানগরে বিলীন হচ্ছে কোটি টাকার পন্টুন ও ফেরী
 টগড়া ফেরী ঘাটে বছরের পর বছর কচা নদীর তীরে পরে বিনষ্ট হচ্ছে সওজ এর ফেরী (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
জিয়ানগর, ২৯ ডিসেম্বর (আহাদ শিমুল/আমাদের বরিশাল ডটকম): জিয়ানগরে সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতার কারনে প্রায় কোটি টাকা মূল্যের বিকল পন্টুন ও ফেরীর মালামাল বিলীনের পথে। শুধু উদ্যোগের অভাবে এই সব পন্টুন ও ফেরী সময় মতো মেরামত কিংবা নিলাম হয়নি। মূলত সড়ক ও জনপদ বিভাগের নতুন নতুন ফেরী ও পন্টুন ক্রয়ের কারনে চোখের সামনেই বিপুল পরিমান সরকারি সম্পদ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে।
সরেজমিনে খোজ নিয়ে দেখা যায়, টগড়া ফেরী ঘাটে সওজ এর জরাজীর্ন ২ টি ফেরীসহ ৪ টি পন্টুন বছরের পর বছর কচা নদীর তীরে পরে বিনষ্ট হচ্ছে। একই ভাবে গত ৭-৮ বছর পূর্বে ১টি মালবাহী ট্রাকসহ ডুবে যাওয়া ফেরীটি উদ্ধার করে খেয়াঘাট মসজিদের ঘাটে বলেশ্বর নদের তীরে ফেলে রাখা হয়েছে। আবার ইন্দুরকানী টগড়া ফেরীর টগড়া ঘাটে দীর্ঘ কয়েক বছর ধরে ফেলে রাখা পন্টুনটি পলি পড়ে মাটির নিচে দেবে গেছে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এই সরকারি সম্পদ রক্ষনাবেক্ষনের জন্য কোন মাথা ব্যথা নেই বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চোরাই চক্র দীর্ঘদিন ধরে রক্ষনাবেক্ষনের অভাবে পড়ে থাকা পন্টুন ও ফেরীর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশসহ লোহার মালামাল রাতের আধারে কেটে নিয়ে যাচ্ছে।
–
(আমাদের বরিশাল ডটকম/জিয়ানগর/আশি/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |