‘হানিমুনে যাওয়ার পরিকল্পনা নেই’ – রিয়া
দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী। পাত্র আমেরিকা প্রবাসী ইভান চৌধুরী। বিয়ে ও বর্তমান কর্মব্যস্ততা নিয়ে কথা হলো তার সঙ্গে
নতুন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন, অনুভূতি কেমন?
দীর্ঘদিন ধরেই আমি নিঃসঙ্গতায় ভুগছিলাম। এবার মনের কথা শেয়ার করার মতো একজন মানুষ পেতে যাচ্ছি। তাছাড়া ইভান খুবই গুণী ছেলে। সে বিশিষ্ট নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনুর বোনের ছেলে। অনেক আগে থেকেই তার সঙ্গে আমার পরিচয়। পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছে।
ইভান কী করেন?
সে আমেরিকার একটি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছে। তবে প্রায়ই দেশে আসে।
বিয়ের পর কী অভিনয়-নৃত্য চালিয়ে যাবেন?
হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির সবাই সাংস্কৃতিমনা। ইভানও অভিনয়-নৃত্য দারুণ পছন্দ করে। তাই বিয়ে হলেও নিয়মিত অভিনয়-নৃত্য চালিয়ে যাব।
হানিমুনের কোনো পরিকল্পনা আছে?
আপাতত হানিমুনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। ইভান একটু ব্যস্ত। ১৮ মার্চ সে আবার আমেরিকায় চলে যাবে। হয়তো বা কিছুদিন পরে হানিমুনে যাওয়ার পরিকল্পনা নিতে পারি।
আপনি তো ‘নাচো বাংলাদেশ নাচো’ নৃত্য প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন?
হ্যাঁ, দীর্ঘদিন ধরে এতে বিচারকের দায়িত্ব পালন করছি। প্রতিযোগিতার শেষ দিকের পর্বগুলো প্রচার হচ্ছে। আগামী ১১ মার্চ জমকালো আয়োজনে এর গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। এছাড়া আমি বাংলাভিশনের ‘সৌন্দর্য্য কথা’ শিরোনামের অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করছি।
মডেলিংয়ের কী খবর?
কিছুদিন আগে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছি। ড্যানিস পুল ক্রিম মিল্কের বিজ্ঞাপন এটি। নির্মাণ করেছেন রানা মাসুদ। খুব শিগগিরই বিজ্ঞাপনটি প্রচার শুরু হবে।
এ সম্পর্কিত পূর্বের সংবাদ
দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে রিয়া!
|