নাসির বেপারী হত্যা মামলা ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন
সাইফ আমীন :: পারিবারিক কোন্দলের জের ধরে হিজলায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। ২০ মার্চ বৃধবার বরিশালে জন-নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল বিচারক ও জেলা ও দায়রা জজ মোঃ আলী হায়দার এ রায় ঘোষনা করেন।
দন্ডিত আসামী হচ্ছে, হিজলা উপজেলার বাহেরচরের কৃষ্ণ ঘাট এলাকার মৃত মজিবল বেপারীর ছেলে গিয়াস উদ্দিন বেপারী।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৯ ফেব্রুয়ারী গিয়াস উদ্দিন বেপারীর ছোট ভাই নাসির উদ্দিন বেপারী (২২) বিয়ে করেন। এরপর নাসির উদ্দিন বেপারী তার স্ত্রী ফাতেমা বেগমকে নিয়ে বাড়ীতে এসে ওঠে। এসময় বড় ভাই গিয়াস উদ্দিন বেপারী বাধা দেয়। তবে তাদের মা জাহানারা বেগম গিয়াস উদ্দিন বেপারীর বাঁধা উপেক্ষা করে ছোট ছেলেকে বাড়ীর একটি টিন সেট ঘরে থাকতে দেয়। এতে বড় ভাই ক্ষিপ্ত হয়ে প্রতিশোধের সুযোগ খুঁজতে থাকে।
২০০৮ সালের ২৪ ফেব্রুয়ারী ছোট ভাই নাসির উদ্দিন মেঘনা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। রাতে নাসির উদ্দিন নৌকায় ঘুমিয়ে থাকা অবস্থায় তার পায়ে রশি দিয়ে বেঁধে ট্রলার চালিয়ে নদীর মধ্যে নিয়ে যাওয়া হয়। এতে নাসিরের মৃত্যু হয়। পর দিন সকালে নদীতে জাল ফেলে নাসির উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের সৎ ভাই জিয়াউদ্দিন বেপারী বাদী হয়ে হিজলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুলতান আহম্মেদ ২০০৮ সালের ২০ এপ্রিল গিয়াস উদ্দিন বেপারীকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। ১১ জনের মধ্যে ৮ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত উপরোক্ত দন্ডাদেশ দেন। তবে মামলার আসামী গিয়াস উদ্দিন বেপারী হত্যাকন্ডের পর থেকেই পলাতক রয়েছে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |