ঈদের টেলিছবিতে তৌকীর-রাখি
বিনোদন ডেস্ক :: ঈদের টেলিছবিতে জুটি বেঁধে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ ও লাক্সতারকা রাখি। টেলিছবির শিরোনাম ‘একটি গোপন কথা ছিল বলবার’। এটি নির্মাণ করেছেন সৈয়দ জামিম। এর আগেও তৌকীর-রাখি তিনবার জুটি বেঁধে অভিনয় করেছেন।
‘একটি গোপন কথা ছিল বলবার’ টেলিছবিতে তৌকীর-রাখি স্বামী (আদনান)-স্ত্রী (অর্পিতা) চরিত্রে অভিনয় করেছেন।
আবারো তৌকীর আহমেদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় প্রসঙ্গে রাখি বলেন, ‘তৌকীর ভাই ভীষণ সহযোগিতা পরায়ণ একজন মানুষ। অভিনয়ে পরিপক্ব হওয়ার ক্ষেত্রে তিনি আমাকে বেশ সহযোগিতা করেছেন। তার আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।’
আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে টেলিছবিটি নির্মিত হয়েছে। এতে আরো অভিনয় করেছেন দীপা খন্দকার, মার্শাল, রাহুল, প্রমুখ।
২০১১ লাক্সতারকা হওয়ার পরপরই রাখি বিপাশা হায়াতের রচনায় ও তৌকীর আহমেদের পরিচালনায় একুশে ফেব্রুয়ারির নাটক ‘বিস্ময়ে’ অভিনয় করেছেন। এরপর একই পরিচালকের ‘বিহঙ্গ কথা’ টেলিছবিতেও তিনি অভিনয় করেন। সর্বশেষ আবুল হায়াতের নির্দেশনায় তৌকীর-রাখি ‘অরণ্য মঞ্জুরি’ টেলিছবিতে অভিনয় করেছেন। তৌকীর আহমেদ পরিচালিত সমরেশ মজুমদারের গল্প অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘ছায়াবৃতা’ বর্তমানে এটিএন বাংলায় প্রচার হচ্ছে।
অন্যদিকে, রাখি এরই মধ্যে চয়নিকা চৌধুরী পরিচালিত খন্ড নাটক ‘তুমি আমার’ এবং ধারাবাহিক নাটক ‘আপনার চেয়েও আপন’ এর শুটিং শেষ করেছেন।
|