ভোলার ভাষানচরে পুলিশ-জলদস্যু বন্দুকযুদ্ধ, ১ জেলেসহ ১০ জলদস্যু নিহত
ভোলা, ১৪ ডিসেম্বর (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার মনপুরা উপজেলার বঙ্গোপসাগরের মোহনায় ভাসানচরের দক্ষিণে জলদস্যুদের সঙ্গে পুলিশের কয়েক দফা বন্দুকযুদ্ধে বিল্লাল হোসেন (২৫) নামের এক জেলে এবং ১০ জলদস্যু নিহত হয়েছে। এসময় বন্দুকযুদ্ধে জলদস্যুদের পাল্টা আক্রমনে রেজাউল ও মিজান নামের ২ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জেলে গুলিবিদ্ধ হয়েছে। সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে ৪ জলদস্যু নিহত হয়েছে এবং ব্যাপক সংঘর্ষ শেষে বিক্ষুব্ধ জনতা ৬ জলদস্যুর চোখ উপড়ে নিয়ে তাদেরকে পিটিয়ে মেরে ফেলেছে। নিহত জলদস্যুদের এখনো কোন পরিচয় মেলেনি। চর নিজাম পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক মোঃ কামাল সংঘর্ষে ১ জেলে ও ১০ জলদস্যুর নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।
চর নিজাম পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল আমাদের বরিশাল ডটকমকে জানান, ১৪ ডিসেম্বর বুধবার দুপুরে ২টায় তার নেতৃত্বে ১২ সদস্যের পুলিশের একটি দল স্থানীয় প্রায় অর্ধশতাধিক জেলেদের সাথে নিয়ে ডাকাতিকালে জলদস্যুদের ধাওয়া করেন। এসময় জলদস্যুরা ডাকাতি করা ২টি জেলে ট্রলার নিয়ে যাচ্ছিল। পুলিশ ও জনতা ডাকাতদের ঘেরাও করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বেলা ২টা থেকে বিকেল পর্যন্ত উভয় গ্রুপের মধ্যে দফায় দফায় চলে এ বন্দুক যুদ্ধ।
তিনি আরো জানান, পুলিশ সংঘর্ষের সময় কমপক্ষে ৩০ রাউন্ড গুলি ছুড়েছে। এ সময় জলদস্যুদের কাছ হতে ১টি সার্টার গান, একটি পাইপ গান, ৮টি রামদা ও ২টি ট্রলারসহ ১০ জলদস্যুকে আটক করেছে পুলিশ। জলদস্যু জাকির গ্রুপের অস্ত্রধারী সদস্যরা ভাষান চরের ওই এলাকায় ভোলা সদরের ইলিশা থেকে এসে জেলে ট্রলারে ডাকাতি করছিলো বলে জানান তিনি।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের বরিশাল ডটকমকে বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। তিনি জানান চরের পরিস্থিতি ভয়াবহ বিধায় অতিরিক্ত পুলিশ নিয়ে আমরা ঘটনাস্থলের পথে রয়েছি। বর্তমানে চর নিজামের ভাষান চরের পরিস্থিতি খুবই ভয়াবহ বলে জেলেরা জানিয়েছে।
ভোলা জেলা পুলিশ সুপার বশির আহম্মেদ এ প্রতিবেদককে জানান, আসলে মৃতের সংখ্যা কত হবে তা এখনো বলতে পারছিনা। দুর্গম চর এলাকা বিধায় আমার পুলিশ সদস্যদের সাথে যোগাযোগ কষ্টসাধ্য বলে আমিও ঘটনাস্থলের পথে রয়েছি। চরে গিয়ে জলদস্যু দমনে আরো ব্যাপক অভিযান চালানো হবে বলেও তিনি জানিয়েছেন।
–
(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |