পিরোজপুরে মাছের ড্রাম থেকে ১৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১
 পিরোজপুরে মাছের ড্রাম থেকে উদ্ধারকৃত ১৬৯ বোতল ফেনসিডিলসহ আটক আব্দুর রহিম (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
পিরোজপুর, ১০ এপ্রিল (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): মাছের ড্রামে করে অভিনব কৌশলে ফেনসিডিল বহনকালে ১৬৯ বোতল ফেনসিডিলসহ আব্দুর রহিম (২৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে পিরোজপুর ডিবি পুলিশ। ১০ এপ্রিল মঙ্গলবার বিকেলে পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের বলেশ্বর ব্রীজের টোলঘরের সামনে বাসে তল্লাশী করে এ ফেনসিডিলের চালান আটক করা হয়।
জানা গেছে, খুলনা-বরিশাল রুটের একটি বাসে ফেনসিডিলের একটি চালান বরিশাল যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর ডিবি পুলিশের একটি দল পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের বলেশ্বর ব্রীজের টোলঘরের সামনে অবস্থান নিয়ে বাসে তল্লাশী করতে থাকে। এসময় খুলনা-বরিশাল রুটে চলাচলকারী সৈয়দ পরিবহনে তল্লাশী চালিয়ে থাই মাগুর মাছসহ দুটি প্লাষ্টিকের ড্রামের মধ্যে অভিনব কৌশলে রক্ষিত ১৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ এ সময় ফেনসিডিল বহনকারী আব্দুর রহিমকে আটক করে। আটক রহিমের বাড়ি সাতক্ষিরা জেলার কলারদোয়ানিয়া গ্রামে।
ডিবি পুলিশের উপ পরিদর্শক (এস,আই) দেলোয়ার হোসেন জানান, দুটি ড্রামে করে অভিনব কায়দায় মাগুর মাছের সাথে ফেনসিডিলগুলো বহন করা হচ্ছিল। কাটা প্লাষ্টিকের ড্রামের নিচের অংশে ফেনসিডিল সাজিয়ে রেখে তার উপর টিনের পাত বসিয়ে তার উপরে পানি দিয়ে থাই মাগুর মাছ রেখে তা বাসে করে বরিশাল নিয়ে যাওয়া হচ্ছিল।
–
(আমাদের বরিশাল ডটকম/পিরোজপুর/মার/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |