Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় ঘণ্টায় ৩শ কিমি গতির মিসাইল ও রকেট বানালেন মামা-ভাগ্নে
২২ April ২০২৬ Wednesday ১:১৩:০৪ PM
আগৈলঝাড়ায় ঘণ্টায় ৩শ কিমি গতির মিসাইল ও রকেট বানালেন মামা-ভাগ্নে
আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ার মামা-ভাগ্নের আবিষ্কার ‘থান্ডারবোল্ড মিসাইল এবং রকেট’। তৃতীয় বিশ্বযুদ্ধের কথা চিন্তা করে দেশের স্বার্থে নিজেদের উদ্যোগ ও অর্থায়নে তাদের এ আবিষ্কার।
জানা গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধের কথা মাথায় রেখে ৬-৭ মাস আগে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের গৌতম পালের ছেলে ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র প্রিতম পাল ও তার মামা একই গ্রামের জয়দেব চন্দ্র পালের ছেলে ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র সুজন চন্দ্র পাল মিলে থান্ডারবোল্ড মিসাইল এবং রকেট তৈরির কাজ শুরু করেন।
নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে ও পরিবারের সহযোগিতা নিয়ে ২০২৫ সালে শুরু করে ৬-৭ মাসের চেষ্টায় ৭ লাখ টাকা ব্যয় করে সম্প্রতি মিসাইল এবং রকেটের কাজ সম্পন্ন করেছেন। এই মিসাইল ও রকেট ৫ কিলোমিটার রেঞ্জে ঘণ্টায় ৩শ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। মিসাইল এবং রকেটের কাজ শেষ হলেও সরকারের অনুমতি ছাড়া এটি নিক্ষেপ ও উড্ডয়ন করতে পারছেন না তারা।
দুজনে আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের বাসিন্দা, একই বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। তারা সম্পর্কে মামা ভাগ্নে এবং দুজনেই রোবটিক্স সেক্টর নিয়ে কাজ করছেন। এ কারণে দুজনের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ ও সুসম্পর্ক রয়েছে। তারা দুজনেই রোবটিক্স নিয়ে কাজ করায় আইডিইএ প্রকল্প থেকে ১০ লাখ টাকার ফান্ড পেয়েছিলেন। এছাড়া নাসা প্রকল্পের প্রতিযোগিতায় সেরা দশের মধ্যে স্থান করে নিয়েছেন তারা দুজনে।
প্রিতম পাল রোবটিক্স হাত ও স্মার্ট সিটি তৈরি করায় ২০২৪ সালের ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে স্বর্ণপদক ও বিজ্ঞান অলিম্পিয়াডে পুরস্কার হিসেবে রৌপ্যপদক পেয়েছেন। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণে ২০২৪ সালে উপজেলা পর্যায় বিজ্ঞানে বর্ষসেরা মেধাবী পুরস্কার পেয়েছিল। এছাড়াও আধুনিক জীবনযাপনের লক্ষ্যে স্মার্ট সিটির রূপরেখা তৈরি করেছেন।
সুজন চন্দ্র পাল ২০২২ সালে রোবট আবিষ্কার করেন, যা দিয়ে আগুন লাগলে ও গ্যাস লিকেজ হলে সংকেত দিত। যার কারণে ২০২৩ সালে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছিল।
এ ব্যাপারে প্রিতম পালের পিতা ইউপি সচিব গৌতম পাল সাংবাদিকদের বলেন, আমার ছেলে প্রিতম পাল টিফিনের টাকা বাঁচিয়ে এবং আমাদের কাছ থেকেও টাকা নিয়ে এ আবিষ্কার করেছে। আমরা তাদের কাজে গর্বিত, তারা যেন দেশের সেবায় কাজ করতে পারে এজন্য সরকার ও দেশবাসীর কাজে সহযোগিতা ও দোয়া চাই।
সুজন চন্দ্র পাল সাংবাদিকদের বলেন, স্কুলজীবন থেকে আবিষ্কারের প্রতি আগ্রহ ছিল। তার ধারাবাহিকতায় কম্বাইন করে আমরা থান্ডারবোল্ড মিসাইল এবং রকেট তৈরি করেছি। ভবিষ্যতে বড় কিছু করার জন্য সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।
প্রিতম পাল জানান, তৃতীয় বিশ্বযুদ্ধের কথা মাথায় রেখে মামাকে নিয়ে আমরা এই আবিষ্কার করেছি। সরকারের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও ভালো কিছু করার ইচ্ছা রয়েছে।
সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল হক বলেন, সুজন ও প্রিতম আমার বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিল। তারা আমাদের গর্ব, তাদের আবিষ্কার বিদ্যালয় ও আগৈলঝাড়া উপজেলার সুনাম বয়ে এনেছে। আমরা তাদের দুজনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. খোরশেদ আলম বলেন, তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আগামী দিনের কথা চিন্তা করে মেধাবী ছাত্রদের এ উদ্ভাবন আমাদের দেশের কাজে লাগাতে হবে।
এ ব্যাপারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইটি বিভাগের সহকারী অধ্যাপক আমির সোহেল বলেন, আমাদের ছাত্র প্রিতম একটি রকেট ও মিসাইল প্রজেক্ট নিয়ে থান্ডারবোল্ড মিসাইল এবং রকেট তৈরি করছে। প্রিতম সবসময়ই নতুন কিছু আবিষ্কারের প্রতি পরিশ্রমী ও কৌতূহলী। তাকে আমরা ল্যাব সুবিধার মাধ্যমে সহযোগিতা করে আসছি। আমি সরকারের কাছে অনুরোধ জানাই, এমন মেধাবী শিক্ষার্থীদের আরও সুযোগ ও সহায়তা দেওয়া হোক, যাতে ভবিষ্যতে দেশের জন্য বড় অবদান রাখতে পারে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ