Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জন নিহত, আহত ৪
১৩ June ২০২৬ Saturday ১০:৩০:৩২ PM
দশমিনায় টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জন নিহত, আহত ৪
দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় টিউবওয়েল বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুলিআউলিয়াপুর গ্রামের শানু হাওলাদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার আলীপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের মো. আলী প্যাদার ছেলে মো. বেল্লাল প্যাদা (৪০) এবং ঢাকার কদমতলী থানার মুজাহিদনগর এলাকার মো. বেল্লাল হোসেনের ছেলে মো. ইউসুব (৩০)। আহতরা হলেন খলিসাখালী গ্রামের মো. রিপন প্যাদার ছেলে সিফাত (১৯), পূর্ব আলীপুর গ্রামের মো. মোকতারের ছেলে রনি (১৮), জাহাঙ্গীর প্যাদার ছেলে রাকিব (১৯) এবং চরঘূর্ণি গ্রামের মো. মোকতার প্যাদার ছেলে মারুফ (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শানু হাওলাদারের বাড়িতে টিউবওয়েল স্থাপনের কাজ চলছিল। বিকেলে টিউবওয়েলের লম্বা পাইপ ছয়জন শ্রমিক মিলে উঠানোর সময় পাইপের নিচের অংশ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুৎ লাইনের তারের ওপর পড়ে যায়। এতে মুহূর্তেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেল্লাল প্যাদা ও ইউসুবকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাড়ির মালিক শানু হাওলাদার বলেন, “আমি শ্রমিকদের সতর্ক করেছিলাম যে পাশেই বিদ্যুতের লাইন রয়েছে। কিন্তু তারা কাজ চালিয়ে যাওয়ার সময় হঠাৎ পাইপটি বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এরপরই দুর্ঘটনাটি ঘটে।” স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য সুমন জানান, গুলিআউলিয়াপুর বাজারে অবস্থানকালে চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, টিউবওয়েলের পাইপ বিদ্যুতের তারে স্পর্শ করায় ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে দুইজনের মৃত্যু হয়। দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাবেয়া স্বর্ণা বলেন, “সন্ধ্যা ৬টার দিকে ছয়জনকে জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে দুইজন হাসপাতালে আনার আগেই মারা গেছেন। আহত চারজনের চিকিৎসা চলছে এবং তারা বর্তমানে শঙ্কামুক্ত।” নিহতদের স্বজনরা জানান, এটি একটি দুর্ঘটনা। তাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন জানিয়েছেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ থানার হেফাজতে নেওয়া হয়েছে। স্বজনদের আবেদনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল