ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ধীরগতির যানবাহনে ঝুঁকিপূর্ণ চলাচল, সম্প্রসারণের দাবি
এম,এইচ,চুন্নু ।।বিশেষ প্রতিনিধি:
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে সরু সড়কে ধীরগতির যানবাহন চলাচল করায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। দ্রুতগতির দূরপাল্লার বাস ও অন্যান্য যানবাহনের সঙ্গে ইজিবাইক, ভ্যানসহ ধীরগতির যানবাহন একই সড়কে চলাচল করায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিনেও মহাসড়কটি সম্প্রসারণ না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী ও চালকেরা।
মাদারীপুর সড়ক বিভাগের তথ্য অনুযায়ী, পাকিস্তান আমলে নির্মিত হওয়ার পর মহাসড়কটি আর সম্প্রসারণ করা হয়নি। সময়ের সঙ্গে যানবাহনের চাপ বাড়লেও সড়কটি রয়ে গেছে আগের অবস্থায়। বর্তমানে প্রতিদিন অন্তত ২৪ হাজার যানবাহন এ মহাসড়ক দিয়ে চলাচল করে। বিভিন্ন অংশের প্রস্থ ২৪ থেকে ৩০ ফুট হলেও মাদারীপুর অংশের প্রস্থ মাত্র ১৮ ফুট।
স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের বড় একটি অংশই অরক্ষিত। সড়কটি সরু হওয়ায় দ্রুতগতির দূরপাল্লার যানবাহনের সঙ্গে ধীরগতির যান চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিকল্প সড়ক না থাকায় অনেককে বাধ্য হয়ে এসব যানবাহনে চলাচল করতে হচ্ছে। তাঁতিবাড়ী বাসস্ট্যান্ড থেকে মস্তফাপুর বাসস্ট্যান্ডে যাতায়াতের ক্ষেত্রেও ধীরগতির যানবাহনের বিকল্প নেই।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, ‘ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশের বিষয়টি আমি জাতীয় সংসদে উত্থাপন করেছিলাম। সংসদে সড়ক ও যোগাযোগমন্ত্রী দ্রুত সড়কটি সম্প্রসারণের আশ্বাস দিয়েছেন। ’
স্থানীয়দের মতে, যানবাহনের চাপের সঙ্গে সামঞ্জস্য রেখে মহাসড়কটি সম্প্রসারণের পাশাপাশি ধীরগতির যানবাহনের নিরাপদ চলাচলের ব্যবস্থা করা জরুরি। তা না হলে এ সড়কে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়তে পারে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি