Current Bangladesh Time
Saturday October ১০, ২০২৬ ৯:৩৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মার্কেট নির্মাণ নিয়ে মুখোমুখি বিসিসি-বাংলাদেশ ব্যাংক
১০ October ২০২৬ Saturday ৬:৪৫:০১ PM
Print this E-mail this

মার্কেট নির্মাণ নিয়ে মুখোমুখি বিসিসি-বাংলাদেশ ব্যাংক


বিশেষ প্রতিনিধি:

বরিশাল নগরীতে বাংলাদেশ ব্যাংকের (গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা) কেপিআইভুক্ত স্থাপনার কাছাকাছি বহুতল মার্কেট নির্মাণকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছে। নগরীর বগুড়া রোড ও দ্বীনবন্ধু সেন রোডের সংযোগস্থলে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উদ্যোগে নির্মাণকাজ চললেও এর বিরোধিতা করেছে বাংলাদেশ ব্যাংক। কাজ বন্ধে সিটি করপোরেশনকে চিঠি দিয়েও সাড়া না পাওয়ায় এবার উচ্চ আদালতে যাওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকেও রিট করার প্রস্তুতি চলছে। এ নিয়ে এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ হলেও নির্মাণকাজ থামেনি। বরং দিন-রাত সেখানে কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখার পাশেই সিটি করপোরেশনের প্রায় ১০ শতাংশ জমি রয়েছে। ওই জমির একটি অংশে মার্কেট নির্মাণের জন্য প্রায় ১০ ফুট প্রস্থ ও ১৪৫ ফুট দৈর্ঘ্যের জায়গা নির্ধারণ করেছে সিটি করপোরেশন। নির্মাণকাজের অংশ হিসেবে প্রায় ১০ ফুট গভীর করে বেজ ঢালাইয়ের কাজ চলছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দাবি, কেপিআইভুক্ত স্থাপনার ২৫ মিটারের মধ্যে এ ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বিষয়টি উল্লেখ করে গত বৃহস্পতিবার সিটি করপোরেশনকে চিঠি দিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার অনুরোধ জানায় বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখা। কিন্তু এরপরও কাজ চালিয়ে যাওয়ায় বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের আইন বিভাগের নজরে আনা হয়েছে।

বরিশাল শাখার নির্বাহী পরিচালক মফিজুর রহমান খান চৌধুরী বলেন, সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানই সরকারি। কেপিআইভুক্ত প্রতিষ্ঠানের আশপাশে কোনো ভবন বা স্থাপনা নির্মাণ হলে সংশ্লিষ্ট সব বিধিবিধান মেনেই তা করা উচিত। এ বিষয়ে গত রোববার বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখা থেকে প্রধান কার্যালয়ের আইন বিভাগে পাঠানো চিঠিতে উচ্চ আদালতে স্থাপনা নির্মাণের ওপর স্থগিতাদেশ চাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
এদিকে মাটর্কেট নির্মাণের পরিকল্পনা নিয়ে স্থানীয়দের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, জায়গাটি খুবই সংকীর্ণ। সেখানে পাঁচতলা মার্কেট নির্মাণ করা হলে আশপাশে যানজট ও জনদুর্ভোগ আরও বাড়বে। একই সঙ্গে মার্কেটের পেছনে থাকা কয়েকটি পরিবারের চলাচলের পথও সংকুচিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, মাত্র ১০ ফুট চওড়া জায়গায় কীভাবে পাঁচতলা মার্কেট নির্মাণ করা হচ্ছে, সেটিই প্রশ্ন। সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী ভবন বা স্থাপনা নির্মাণের ক্ষেত্রে সামনের দিকে পাঁচ ফুট এবং চারপাশে তিন ফুট করে জায়গা রাখার বিধান রয়েছে। তাহলে সিটি করপোরেশন নিজেরাই কি সেই নিয়ম মানছে না? তাছাড়া জমিটির পেছনে বেশ কয়েকটি পরিবার রয়েছে। মার্কেট নির্মাণ হলে তাদের চলাচলের ব্যবস্থা কী হবে, সেটিও বিবেচনা করা প্রয়োজন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর মার্কেট নির্মাণকাজের উদ্বোধন হওয়ার কথা ছিল। সেদিন বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের সেখানে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি যাননি। তবে ওই দিন থেকেই নির্মাণকাজ শুরু হয়। উদ্বোধনের সম্ভাব্য স্থানেই স্থানীয়রা বিক্ষোভ করেন। তাদের সঙ্গে যোগ দেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিন।
আফরোজা নাসরিন বলেন, বগুড়া রোডে এমনিতেই যানবাহনের চাপ বেশি। ব্যস্ত সড়কের একটি গুরুত্বপূর্ণ মোড়ে মার্কেট নির্মাণ হলে সেখানে মানুষের ভিড় ও যানজট আরও বাড়বে। ওই এলাকায় বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং আবাসিক স্থাপনা রয়েছে। ফলে মার্কেট নির্মাণের কারণে স্থানীয়দের দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি জানান।
বিজ্ঞাপন
৩০ সেপ্টেম্বরের বিক্ষোভের পর ৩ অক্টোবর একই দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে স্থানীয়দের পাশাপাশি আফরোজা নাসরিন ও বিএনপির কয়েকজন নেতাকর্মী অংশ নেন।
এদিকে বিসিসি কর্তৃপক্ষ বলছে, যে জমিতে উন্নয়নকাজ চলছে সেটি দীর্ঘদিন অবৈধ দখলে ছিল। ২০২৫ সালে জমিটি দখলমুক্ত করার পর তৎকালীন প্রশাসক রায়হান কাওছারের সময় সেখানে উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। সেই প্রকল্পের ধারাবাহিকতায় বর্তমানে কাজ চলছে।
বিসিসির জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই স্থানে ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কিছু ব্যক্তি এতে বাধা সৃষ্টি করছেন। জনস্বার্থে চলমান উন্নয়নকাজে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
তবে মার্কেট নির্মাণের বিষয়ে বক্তব্য জানতে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এদিকে বাংলাদেশ ব্যাংক ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে আইনি পদক্ষেপের প্রস্তুতি চললেও নির্মাণকাজ অব্যাহত রয়েছে। ফলে কেপিআই স্থাপনার নিরাপত্তা, নগরীর যানজট এবং স্থানীয় বাসিন্দাদের চলাচলের সুবিধা- তিনটি বিষয়কে কেন্দ্র করে বিসিসির এই উন্নয়ন প্রকল্প নিয়ে বিরোধ আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তদবিরে বিপাকে শিক্ষা বোর্ড: বরিশালে চাহিদার দ্বিগুণ পরীক্ষাকেন্দ্র
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com