Current Bangladesh Time
Saturday October ১০, ২০২৬ ৮:২৫ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে মায়ের সমাধির পাশে জুতা, খালে মিলল ৩ বছরের শিশুর মরদেহ
১০ October ২০২৬ Saturday ৭:০৯:৩০ PM
Print this E-mail this

নেছারাবাদে মায়ের সমাধির পাশে জুতা, খালে মিলল ৩ বছরের শিশুর মরদেহ


নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

দুই মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মা রিতা হালদার। বাড়ির পাশের খালের পাড়ে তাঁকে সমাহিত করেছিলেন স্বামী অরবিন্দু হালদার। সেই সমাধির কাছেই পড়ে ছিল তিন বছরের ছেলে অরূপের জুতা। ছেলেকে খুঁজতে গিয়ে জুতা দেখতে পেয়ে পাশের খালে তল্লাশি শুরু করেন বাবা। পরে সেই খাল থেকেই উদ্ধার করা হয় অরূপের নিথর দেহ।

আজ শনিবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের গণকপাড়া ৭ নম্বর ওয়ার্ডের হালদার বাড়িতে এ ঘটনা ঘটে। দুই মাসের ব্যবধানে স্ত্রী ও ছোট ছেলেকে হারিয়ে অরবিন্দু হালদারের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, অরবিন্দু হালদার পেশায় একজন চা-দোকানি। তাঁর আট বছর বয়সী একটি মেয়ে ও তিন বছর বয়সী ছেলে অরূপ ছিল। প্রায় দুই মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হন তাঁর স্ত্রী রিতা হালদার। প্রথমে তাঁকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় বরিশালে। ধারদেনা করে স্ত্রীর চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন অরবিন্দু। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচাতে পারেননি। পরে বাড়ির পাশের খালের পাড়ে স্ত্রীর সমাধি করেন তিনি।

আজ শনিবার দুপুরে সন্তানদের জন্য রান্না করছিলেন অরবিন্দু। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বেরিয়ে যায় অরূপ। একপর্যায়ে সে খালের পাড়ে মায়ের সমাধির কাছে যায়। সেখান থেকে অসাবধানতাবশত খালের পানিতে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন অরবিন্দু। একপর্যায়ে স্ত্রীর সমাধির কাছে গিয়ে অরূপের জুতা দেখতে পান তিনি। এরপর খালে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন। সেখান থেকেই উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। পরে দ্রুত তাকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৈহারী ইউনিয়ন পরিষদের সদস্য প্রবীর মণ্ডল বলেন, ঘটনার দিন অরবিন্দু দোকান থেকে তাড়াতাড়ি বাড়িতে এসে ছেলে-মেয়ের জন্য রান্না করছিলেন বলে শুনেছেন। এ সময় তাঁর অগোচরে অরূপ বাইরে চলে যায়। পরে ছেলেকে খুঁজতে গিয়ে স্ত্রীর সমাধির কাছে তার জুতা দেখতে পান অরবিন্দু। এরপর খালে খোঁজাখুঁজি করে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, শিশুটির মা দুই মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তিনি শুনেছেন। শনিবার দুপুরে শিশুটি খালের পানিতে পড়ে মারা গেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তদবিরে বিপাকে শিক্ষা বোর্ড: বরিশালে চাহিদার দ্বিগুণ পরীক্ষাকেন্দ্র
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com