‘বিএনপি কাগজের বাঘ’: মন্ত্রী নাসিম নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন- বিএনপি কাগজের বাঘ । তর্জন-গর্জন ছাড়া তারা আর কিছুই করতে পারেনা । ৫ জানুয়ারীর নির্বাচনকে কেন্দ্র করে তাদের চালানো ধবংসাত্মক কর্মকান্ডের কারণে জনতা তাদের প্রত্যাখান করেছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার বিকেলে বরিশাল টাউন হল মিলনায়তনে বরিশাল জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন- মৃত্যু দণ্ড প্রাপ্ত বঙ্গবন্ধু’র খুনিদের ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। একই সঙ্গে সরকার জেল হত্যা মামলার আসামীদের বিচারের জন্য উদ্যোগ নিয়েছে। দারিদ্রতা এবং নিরক্ষরতা দূর করে জাতির উন্নয়নে কাজ করছে সরকার। এসময় তিনি দলীয় নেতা কর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস শোক সভায় সভাপত্বি করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেবুন্নেছা আফরোজ এমপি, পঙ্কজ নাথ এমপি , জাসদ কেন্দ্রীয় নেতা নাজমূল হক প্রধান, ন্যাপ কেন্দ্রীয় নেতা এনামূল হক, যুবলীগ কেন্দ্রীয় নেতা সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ, এ্যাড. কাইয়ুম খান কায়সার প্রমুখ।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |