ঈদ ‘ইত্যাদি’তে থাকছে বিদেশিরাও বিনোদন অনলাইন
নন্দিত নির্মাতা-উপস্থাপক বরিশালের কৃতি সন্তান হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রায় দুই যুগ ধরে বিদেশি নাগরিকদের দিয়ে দেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিত তুলে ধরছে।
ইত্যাদি’র চরিত্রানুযায়ী বিদেশিদের দিয়ে করানো নানা ঘটনার পরিসমাপ্তি ঘটে চমৎকার একটি মেসেজের মাধ্যমে। বিদেশিরা মনে করেন এটি তাদের জীবনে একটি নতুন অভিজ্ঞতা এবং আনন্দ। পাশাপাশি একটি শিক্ষণীয় বিষয় উপস্থাপন।
প্রতিবছর দর্শকরা যেমন এই পর্বটির জন্য অপেক্ষায় থাকেন, তেমনি ঢাকায় বসবাসরত বিদেশিরাও অপেক্ষা করতে থাকেন কখন তাদের ডাক পড়বে ‘ইত্যাদি’ থেকে।
সেই ধারাবাহিকতায় ‘ইত্যাদি’র এবারের পর্বে অংশগ্রহণ করেছেন পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় ৫০ জন বিদেশি নাগরিক। এদের মধ্যে নৃত্যে অংশগ্রহণ করেছেন ২৫ জন এবং বাকিরা অভিনয়ে। এবারের বিষয় ‘পারিবারিক শান্তি’।
হানিফ সংকেতের নির্দেশনায় অল্প ক’দিনের মহড়ায় বাংলায় বিভিন্ন সংলাপ আয়ত্ত করে এই বিদেশিরা এবারও চমৎকার অভিনয় করেছেন।
হানিফ সংকেত বলেন, মাত্র কয়েক দিনের পরিচয়ে, কয়েক দিনের মেলামেশায় বিদেশিদের সাথে যে আত্মিক বন্ধন হয় তা কখনোই ভোলার নয়।
হানিফ সংকেত বলেন, এরা অপেশাদার, তবে অনেক পেশাদার শিল্পীরও এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে ওদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট সহিষ্ণুতা, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। যেহেতু দর্শকরা এই পর্বটি অনেক পছন্দ করেন, তাই আমরাও অনেক যত্ন নিয়ে এই পর্বটি করতে চেষ্টা করি। আশা করি প্রতিবারের মতো এবারও এই পর্বটি দর্শকদের অনেক আনন্দ দেবে।
‘ইত্যাদি’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। তথ্য: বাংলা ট্রিবিউন
|