প্রায় দুই বছর ধরে কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইন্দুরহাট-জিলবাড়ি সড়কে চলাচলকারী সাধারণ মানুষ। ৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কের ২ কিলোমিটার রাস্তা ও কয়েকটি কালভার্ট নির্মাণে ২০২২ সালে কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল। কিন্তু ২ কোটি ৭৫ লাখ টাকার প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে গেলেও কাজের অগ্রগতি মাত্র ৪০ শতাংশ।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মিরাজুল ইসলাম পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজের ছোট ভাই। সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন। তার অনুপস্থিতিতে থমকে গেছে শুধুমাত্র এ প্রকল্প নয়, বরং জেলার এলজিইডি বাস্তবায়নাধীন আরও বহু উন্নয়ন প্রকল্প।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান এ প্রকল্পের স্থানীয় কাজ তদারকি করছিলেন। কিন্তু গত এক বছর ধরে কাজ পুরোপুরি বন্ধ। ফলে নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার মধ্যে সংযোগকারী গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা গফফার শেখ বলেন, ‘সড়কের এমন অবস্থা যে এখন চলাচল করা যায় না। বিকল্প পথে যেতে গিয়ে সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে। জরুরি মুহূর্তে, বিশেষ করে রোগী পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
অন্য এক বাসিন্দা সঞ্জয় কর্মকার বলেন, ‘অটোচালকরা নিজেরা টাকা তুলে কয়েকবার রাস্তা মেরামত করেছে। কিন্তু রাস্তার পাশে খাল থাকায় ভাঙন আবার শুরু হয়। আমরা চাই, দ্রুত নতুনভাবে রাস্তাটি নির্মাণ হোক।’
জেলার এলজিইডি বা উপজেলা প্রকৌশলী কেউই এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।
তবে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান জানান, ‘ইফতি ইটিসিএলের নামে থাকা ৮টি লাইসেন্সের বিপরীতে কোটি কোটি টাকার কাজের কার্যাদেশ থাকলেও অধিকাংশই বাস্তবায়িত হয়নি। ঠিকাদার প্রতিষ্ঠানের দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নির্দেশনা পেলে ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য, পিরোজপুরে বহু এলজিইডি প্রকল্পের কাজ বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ