Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » হিজলা » বরিশাল-৪: তরুণ নেতৃত্বে ভরসা বিএনপির, জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াত
২৪ November ২০২৫ Monday ৮:৫৬:৫৬ PM
বরিশাল-৪: তরুণ নেতৃত্বে ভরসা বিএনপির, জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াত
নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নদীবেষ্টিত বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের প্রার্থীরা। বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ার পর থেকে পুরোপুরি জমে উঠেছে এ আসনের নির্বাচনি মাঠ।
২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রশ্নবিদ্ধ তিনটি নির্বাচনের ফলাফল বাদ দিলে এ আসনটি বিএনপির ঘাঁটিই বলা চলে। ১৯৭৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত আটটি নির্বাচনের পাঁচটিতেই এ আসন থেকে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন।
নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বরিশাল-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তরুণ নেতা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এলাকায় ব্যাপক গণসংযোগও করছেন তিনি। তার অনুসারীদের দাবি, ত্যাগী নেতা হিসেবেই তাকে এবারও মনোনয়ন দিয়েছে বিএনপি।
এ আসনে বিএনপির মনোনয়নের দৌড়ে আরও কয়েকজন নেতা ছিলেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক হাওলাদার, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন। তবে শেষ পর্যন্ত দলীয় টিকিট পেয়েছেন রাজীব আহসান।
এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবদুল জব্বার। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের দলের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়েরকে প্রার্থী ঘোষণা করেছে। জাতীয় পার্টিও এ আসন থেকে প্রার্থী দিতে পারে বলে গুঞ্জন রয়েছে। এর বাইরে এ আসনে অন্য কোনো দলের প্রার্থীর কথা শোনা যায়নি।
মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুরের বাসিন্দা আব্দুল জব্বার হাওলাদার বলেন, ‘গত ১৫ বছরে আমজনতা ভোট দিতে পারেনি। এবার সুযোগ এসেছে। সবকিছু ঠিক থাকলে কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হবে না। তবে নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জের সাধারণ মানুষের ভোট পেতে হলে ভোটারদের সঙ্গে প্রার্থীদের জনসম্পৃক্ততা থাকতে হবে।’
বিএনপির প্রার্থী রাজীব আহসান বলেন, ‘শেখ হাসিনা তিন তিনবার নির্বাচন করেছেন কিন্তু ভোটকেন্দ্রে ভোটার যায়নি। এবার অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটের কথা বলছে। তাই জনগণ নির্বাচনে অংশ নেবে। জনগণের ভোটে বিএনপি এ আসনে জয়লাভ করবে।’
জামায়াতের প্রার্থী অধ্যাপক আবদুল জব্বারের ভাষ্য, ‘নদীবেষ্টিত হিজলা-মেহেন্দিগঞ্জের মানুষ বিচ্ছিন্নভাবে বসবাস করলেও তাদের মনটা খুবই নরম। জয়ী হওয়ার জন্যই মাঠ পর্যায়ে কাজ করছি। আশা করি মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ