Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ২:৩২ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » ইতালির স্বপ্নে লিবিয়ায় জিম্মি বরিশালের আগৈলঝাড়ার ৯ যুবক
২ April ২০২৬ Thursday ২:৫৯:২১ PM
Print this E-mail this

ইতালির স্বপ্নে লিবিয়ায় জিম্মি বরিশালের আগৈলঝাড়ার ৯ যুবক


 আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ার একদল যুবক ইতালিতে কাজের আশায় জমি বিক্রি, ঋণ ও ধারদেনা করে বিপুল অর্থ দিয়েছিলেন দালালদের হাতে। কিন্তু ইউরোপে পৌঁছার আগেই তাঁদের স্বপ্ন থেমে গেছে লিবিয়ায়। চাকরির প্রলোভনে দালাল চক্রের মাধ্যমে সেখানে গিয়ে উল্টো জিম্মিদশায় নির্যাতনের শিকার হতে হয় তাঁদের। এর মধ্যে মুক্তিপণ দিয়ে কয়েকজন দেশে ফিরলেও এখনো জিম্মি অবস্থায় রয়েছেন ৯ জন।

এ ঘটনায় ইতালিতে পাঠানোর নামে লিবিয়ায় পাচার, শারীরিক ও মানসিক নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩৪ জনকে আসামি করে পৃথক তিনটি মামলা হয়েছে। আসামিরা হলেন উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামের মৃত আইউব আলীর ছেলে জামাল মোল্লা, তাঁর ইতালিপ্রবাসী দুই ছেলে জাকির মোল্লা ও সাকিব মোল্লা, জামাল মোল্লার দুই শ্যালক পূর্ব ডুমুরিয়া গ্রামের মৃত বুদাই ব্যাপারীর ছেলে বাবুল ব্যাপারী ও হাবুল বেপারী ওরফে হাবুল মেম্বার।

উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট ডুমুরিয়া গ্রামের মেহেদী হাসান খান বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে এসব মামলা করেন। ট্রাইব্যুনালের বিচারক অভিযোগগুলো আমলে নিয়ে আগৈলঝাড়া থানার ওসিকে মামলার নির্দেশ দেন।

আসামি জামাল মোল্লা ও তাঁর দুই শ্যালক বাবুল ব্যাপারী এবং হাবুল ব্যাপারী বর্তমানে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তবে জামালের দুই ছেলে ইতালিতে অবস্থান করায় মামলার তদন্ত কিছুটা ধীরগতিতে চলছে বলে জানা গেছে।

বাদীর অভিযোগ, ইতালিতে বৈধভাবে ওয়ার্ক পারমিটের মাধ্যমে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন জামাল মোল্লা। তিনি দাবি করেন, তাঁর ইতালিপ্রবাসী দুই ছেলে জাকির ও সাকিবের মাধ্যমে ইতালিতে কাজের ব্যবস্থা করা সম্ভব। এই আশ্বাসে বিশ্বাস করে ভুক্তভোগীরা জমি বিক্রি, ঋণ ও ধারদেনা করে টাকা জোগাড় করেন।

প্রথমে সাদের উপস্থিতিতে বাবুল ব্যাপারী ও হাবুল ব্যাপারীর সম্মতিতে জামাল মোল্লার হাতে লক্ষাধিক টাকা দেওয়া হয়। পরে আসামিদের দেওয়া পূবালী ব্যাংক ও ইসলামী ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠানো হয়। সব মিলিয়ে প্রত্যেকে প্রায় ১৮ লাখ টাকা পরিশোধ করেন বলে অভিযোগ রয়েছে।

বাদী মেহেদী হাসান জানান, তাঁকে ইতালি পাঠানোর কথা বলে প্রথমে সৌদি আরবে নেওয়া হয়। পরে সেখান থেকে মিসর হয়ে লিবিয়ায় নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। সেখানে ঠিকমতো খাবার না দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরে লিবিয়ার পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে বেনগাজির বাংকিনা কারাগারে পাঠানো হয়। সেখানে প্রায় দেড় মাস বন্দী ছিলেন। পরে ভিডিও কলে পরিবারের সদস্যদের কাছে নিজের করুণ অবস্থার কথা জানান মেহেদী। তবে তাঁর খোঁজ জানতে চাইলে দালালেরা পরিবারকে জানায়, তাঁকে ইতালির কোস্ট গার্ড রিসিভ করেছে।

পরে মেহেদীর পরিবারের কাছে তাঁর মুক্তির জন্য আরও ৮ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে তাঁকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। ধারদেনা করে ওই টাকা পরিশোধের পর তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফিরে মেহেদী জানতে পারেন, একইভাবে আরও অনেক যুবক প্রতারণার শিকার হয়েছেন।

ভুক্তভোগীদের স্বজনেরা জানান, কয়েকটি জেলার মোট ১০৮ জন দালালের মাধ্যমে ইতালিতে যাওয়ার চেষ্টা করেন। প্রত্যেকে ১৫ থেকে ১৮ লাখ টাকা দিয়ে ‘বডি কন্ট্রাক্টে’ ভূমধ্যসাগর হয়ে ইতালি যাওয়ার পরিকল্পনা করেছিলেন। মেহেদী হাসানের মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার এসআই মো. মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com