নেছারাবাদে উপজেলা পরিষদের কর্মচারীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (সিএ) রণজিৎ হালদারের বিরুদ্ধে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) সন্ধ্যার পর তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী পপি মিস্ত্রী। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে এসে তিনি ঘটনার বিচার দাবি করেন।
ভুক্তভোগী পপি মিস্ত্রী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পপি মিস্ত্রী অভিযোগ করেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে পরকীয়ায় জড়িত এবং এ বিষয়ে প্রতিবাদ করায় তাঁকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। বুধবার সন্ধ্যায়ও তাঁকে মাটিতে ফেলে বেদম মারধর করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি জানান, তাঁদের সংসারে দুই সন্তান রয়েছে। গত প্রায় দুই বছর ধরে স্বামীর আচরণে পারিবারিক অশান্তি বেড়েছে। তাঁর অভিযোগ, চাকরির বেতনও তিনি নিজে তুলতে পারেন না। প্রতি মাসে স্বামী জোরপূর্বক চেকে স্বাক্ষর নিয়ে তাঁর বেতন উত্তোলন করেন।
পপি মিস্ত্রী আরও বলেন, এর আগেও নির্যাতনের কথা জানিয়ে তিনি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছিলেন, তবে কোনো প্রতিকার পাননি। স্বামীর আচরণের কারণে ঘরে কোনো গৃহকর্মী দীর্ঘদিন থাকতে পারেন না বলেও তিনি অভিযোগ করেন।
পপির বোন ও শিক্ষক শিল্পী মিস্ত্রী দাবি করেন, পরকীয়ার বিষয়ে প্রশ্ন তুললেই পপির ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন রণজিৎ হালদার। মোবাইল ফোনে তিনি বলেন, ‘আমি স্ত্রীকে মারিনি। সে নাটক সাজিয়ে হাসপাতালে গেছে।’ পরকীয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি আর কোনো মন্তব্য করেননি।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘ভুক্তভোগী থানায় এসেছিলেন। তাঁকে চিকিৎসা গ্রহণের পর লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত বলেন, ‘আমি অফিসের কাজে সকালে জেলায় যাব। দুপুরের পর ভুক্তভোগী আমার সঙ্গে দেখা করলে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ