Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৯:৫৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে ইটের সড়কের বেহাল দশা, চরমে জনদুর্ভোগ
১৪ June ২০২৬ Sunday ৮:০৮:৩৩ PM
Print this E-mail this

বাবুগঞ্জে ইটের সড়কের বেহাল দশা, চরমে জনদুর্ভোগ


নিজস্ব প্রতিনিধি:

দীর্ঘ দুই যুগে সড়কটি সংস্কার হয়নি একবারও। ইট উঠে গিয়ে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ।সামান্য বৃষ্টি হলেই পানি জমে। কাদা-পানির মধ্যেই শিক্ষার্থীসহ পথচারীদের পাড়ি দিতে হয় পথ, পোহাতে হয় চরম দুর্ভোগ। ইট যা রয়েছে, তাও এবড়োখেবড়ো। শিশুদের জন্য তো বটেই, বড়দের জন্যও চলাচল ঝুঁকিপূর্ণ।

এমন অবস্থা বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের সিংহেরকাঠি গ্রামের সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়কের। গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে ছোট মীরগঞ্জ বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটির একটি অংশে অনেক আগে ইটের সোলিং করা হয়েছিল। এরপর আর সংস্কার করা হয়নি।

সূত্র জানায়, সড়কটি ব্যবহার করে সিংহেরকাঠি কমিউনিটি ক্লিনিক, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর একটি গ্রাম সমিতি, ছোট মীরগঞ্জ বাজার, স্থানীয় রাইস মিল, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন সামাজিক ও সরকারি প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়ে শিক্ষার্থীসহ এলাকাবাসীকে। এ ছাড়া বাজারের ব্যবসায়ীদের পণ্য পরিবহনেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্থানীয়রা জানায়, সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষ চলাচল করেন। পাশাপাশি চাঁদপাশা ইউনিয়নের চাঁদপাশা গ্রামের একাংশের বাসিন্দারাও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের জন্য এই সড়কের ওপর নির্ভরশীল।

স্থানীয় বাসিন্দা মাওলানা আবুল কালাম বলেন, বছরের পর বছর ধরে আমরা এই সড়কের দুর্ভোগ সহ্য করছি।জনপ্রতিনিধিদের কাছে বহুবার আবেদন করেছি, কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি। বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।

ছোট মীরগঞ্জ বাজারের ব্যবসায়ী বাবুল প্যাদা বলেন, সড়কের কারণে ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে। পণ্য আনা-নেওয়ায় অতিরিক্ত খরচ হচ্ছে এবং অনেক সময় যানবাহনও চলাচল করতে পারে না। দ্রুত সংস্কার না হলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে।

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. জামাল হোসেন পুতুল বলেন, বিগত সরকারের আমলে তখনকার সংসদ সদস্য সড়কটি সংস্কারের জন্য একটি প্রকল্প অনুমোদন করেছিলেন। কিন্তু পরে সেটি বাতিল করে অন্য এলাকায় স্থানান্তর করা হয়। এরপর আর সড়কটির উন্নয়ন সম্ভব হয়নি। আমরা বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনেছি।

বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিম বলেন, সড়কটি উন্নয়ন প্রকল্পের আওতায় আনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা বলেন, ‘সড়কটির বিষয়ে লিখিত আবেদন বা প্রস্তাব পাওয়া গেলে বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হবে। জনগণের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com