Home » পটুয়াখালী » বাউফল » ইজিবাইক চালককে কুপিয়ে জখমের অভিযোগে বাউফলের সেই যুব জামায়াত নেতা আটক
২২ August ২০২৬ Saturday ১:১৪:৪৭ AM
ইজিবাইক চালককে কুপিয়ে জখমের অভিযোগে বাউফলের সেই যুব জামায়াত নেতা আটক
অনলাইন নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফলে রাকিব হোসেন (২৬) নামের এক ইজিবাইক চালককে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগে সূর্যমনি ইউনিয়ন যুব জামায়াতের নেতা আতিকুর রহমানকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের নয়াবাড়ি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহত রাকিব হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাতে ইন্দ্রকুল গ্রামে এক গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হন আতিকুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে যুব জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি হিসেবে পরিচিত ছিলেন বলে স্থানীয়রা দাবি করেন। তবে ওই ঘটনার পর জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা দাবি করেন, আতিকুর রহমান জামায়াত বা এর কোনো অঙ্গসংগঠনের কোনো পদে নেই এবং ছিলেনও না। তবে তিনি জামায়াতের বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রাতে গৃহবধূর ঘরে আতিকুর রহমানকে আটকের সময় রাকিব এর বিরোধিতা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আতিকুর রহমান রাকিবের ওপর ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আতিকুর রহমান রাকিবকে টেনেহিঁচড়ে নিজের বাড়ির ভেতরে নিয়ে যান বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। সেখানে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এদিকে রাকিবকে মারধরের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী আতিকুর রহমানের বাড়ি ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আতিকুর রহমানকে আটক করে হেফাজতে নেয়।
আতিকুর রহমান পুলিশ হেফাজতে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে নিজেকে ওয়ার্ড যুব জামায়াতের সেক্রেটারি হিসেবে পরিচয় দিতে দেখা যায়। পরে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে তিনি নিজেকে জামায়াতের সমর্থক হিসেবে পরিচয় দেন।
এ বিষয়ে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা বলেন, আতিকুর রহমানের সঙ্গে জামায়াতে ইসলামী বা দলটির কোনো অঙ্গসংগঠনের সাংগঠনিক সম্পর্ক নেই। তিনি জামায়াত বা এর কোনো অঙ্গসংগঠনের কোনো পদেও নেই। কেউ ব্যক্তিগতভাবে জামায়াতের সমর্থক হতে পারেন; তবে তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘জনগণ কী কারণে তাকে ধরেছে, বিষয়টি এখনো পরিষ্কার নয়।’ এ ঘটনায় অভিযোগ ও ঘটনার প্রকৃত কারণ যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী