বাউফলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩০ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে উপজেলা ছাত্রদল। শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষা উপকরণ, বিভিন্ন উপহারসামগ্রী এবং দেশীয় ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটু। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশরাফুল ইসলাম বিপ্লব, জেলা ছাত্রদলের বর্তমান কমিটির আহ্বায়ক মেহেদি হাসান শামীম চৌধুরী এবং বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব নিয়াজ উদ্দিন খান। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা হলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। শুধু পরীক্ষার ফলাফল অর্জন নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা। কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ও উপহারসামগ্রী পেয়ে বাছিরা বিনতে বাশার আনন্দ প্রকাশ করে বলেন, এ ধরনের আয়োজন তাদের ভবিষ্যৎ পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহ জোগাবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)