Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে চাঁদা না পেয়ে মারধর, মামলা করায় মুক্তিযোদ্ধার বাড়িতে হামলায় আহত ২
২০ September ২০২৬ Sunday ৬:৫০:৪৫ PM
গৌরনদীতে চাঁদা না পেয়ে মারধর, মামলা করায় মুক্তিযোদ্ধার বাড়িতে হামলায় আহত ২
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে চাঁদা দাবি না পেয়ে হামলার ঘটনায় মামলা করায় এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় ওই মুক্তিযোদ্ধা ও তাঁর ছেলের বউকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে আহত দুজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
আহত বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদ (৮০) উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত তোফায়েল আহমেদ হাওলাদারের ছেলে।
জালাল আহমেদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় গত ২২ জুলাই নলচিড়া বাজারে তাঁকে মারধর করা হয়।
জালাল আহমেদ বলেন, কান্ডপাশা গ্রামের মৃত মালেক হাওলাদারের ছেলে আল মামুন স্বপন (৫৬) নলচিড়া বাজারে প্রকাশ্যে তাঁকে মারধর করেন। এ সময় স্থানীয়রা হামলাকারীদের ভয়ে এগিয়ে আসেননি। পরে এ ঘটনায় আল মামুন স্বপনকে প্রধান আসামি করে আদালতে মামলা করেন তিনি।
জালাল আহমেদের ভাষ্য, মামলা করার পর আল মামুন স্বপন তাঁকে হুমকি দেন। এর জের ধরে গতকাল শনিবার স্বপনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ব্যক্তি তাঁদের বাড়িতে যান। তাঁরা ঘরে ঢুকে ভাঙচুর চালান এবং তাঁকে ও তাঁর পুত্রবধূকে কুপিয়ে জখম করেন।
একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন জালাল আহমেদ। পরে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. অলিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জালাল আহমেদ আরও অভিযোগ করেন, হামলাকারীরা চলে যাওয়ার সময় তাঁর ছেলের বউ সীমা বেগমের গলার চেইন, কানের দুলসহ মূল্যবান মালামাল নিয়ে যান। হামলার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে আল মামুন স্বপনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
গৌরনদী মডেল থানার এসআই মো. অলিউল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, ‘এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়গুলো যাচাই করে দেখা হচ্ছে। তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নদ-নদীতে ইলিশের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা