Home » বরিশাল » জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট, ভোলায় ছাত্রদল নেতা বহিষ্কার
২২ September ২০২৬ Tuesday ১০:২৫:২৫ PM
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট, ভোলায় ছাত্রদল নেতা বহিষ্কার
ভোলা প্রতিনিধি:
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় পদ হারিয়েছেন ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈম।
গতকাল সোমবার গভীর রাতে তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন হোসেন ও সদস্যসচিব মো. শরীফ হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাঈমকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সর্বস্তরের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে তেলের দাম বৃদ্ধি নিয়ে নিজের মতামত তুলে ধরেন ছাত্রদল নেতা নাঈম। একই পোস্টে তিনি দীর্ঘদিনের সাংগঠনিক পথচলায় সংগঠনের বিভিন্ন বিষয় ও কার্যক্রমের সঙ্গে তাঁর ব্যক্তিগত মতের কিছুটা অমিল থাকার কথাও উল্লেখ করেন। পাশাপাশি ব্যক্তিগত সমস্যা ও ব্যস্ততার কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না জানিয়ে সাধারণ সম্পাদক পদ ও সাংগঠনিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শরীফ হাওলাদার বলেন, ‘গত কয়েক দিন ধরেই নাঈম ছাত্রদল ও বিএনপির সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। গতকালও তিনি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট করেছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ফলে নাঈমকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)