Home » গলাচিপা » পটুয়াখালী » গলাচিপায় ঘেরে বিষ প্রয়োগে ৫০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
৬ November ২০২৬ Friday ৬:০২:৪৫ PM
গলাচিপায় ঘেরে বিষ প্রয়োগে ৫০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঘেরের মালিক মাছচাষি বাবুল খান (৬০)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খারিজ্জমা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সামছু খানের ছেলে বাবুল খান দীর্ঘদিন ধরে ওই এলাকায় চার থেকে পাঁচটি ঘের ও পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। বৃহস্পতিবার রাতে তাঁর একটি ঘেরে বিষ প্রয়োগ করা হয়। এতে রুই, কাতলা, তেলাপিয়া, মৃগেল, মিনার কার্প ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়।
ঘেরের দেখাশোনার দায়িত্বে থাকা আরিফ হোসেন জানান, বিষ প্রয়োগের পর অনেক মাছ পানিতে ছটফট করতে করতে ঘেরের পাড়ে উঠে আসে। বড় আকারের অনেক মাছ পানিতেই মারা যায়। শুক্রবার সকালে ঘেরের মাছ মরে ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন ভিড় করেন। কয়েক মণ মাছ মারা গেছে। দ্রুত এসব মাছ মাটিচাপা দেওয়ার ব্যবস্থা না করলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দা নুরু মৃধার দাবি, ঘেরটিতে তিন থেকে চার কেজি ওজনের প্রায় ২০ হাজার মাছ ছিল। বিষ প্রয়োগের কারণে এসব মাছের ব্যাপক ক্ষতি হয়েছে।
এ ঘটনায় ঘেরের দেখাশোনার দায়িত্বে থাকা আরিফ হোসেন কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন।
কলাগাছিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাকসুদুর রহমান বলেন, মাছ মারা যাওয়ার ঘটনায় বাবুল খানের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘেরটিতে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হবে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জেনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের
বরিশালে খাল খননে ৭৩০ কোটি টাকার প্রকল্প
এইচএসসিতে সবাই ফেল, বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি