Current Bangladesh Time
Thursday November ১২, ২০২৬ ৯:১৫ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » পায়ের ছাপ অনুসরণ করে চোরাই গরু উদ্ধার, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ
১২ November ২০২৬ Thursday ৮:০৮:৪৩ PM
Print this E-mail this

পায়ের ছাপ অনুসরণ করে চোরাই গরু উদ্ধার, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে গরু চোর সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত লোকজন অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করেন। পুলিশের উপস্থিতিতেই প্রথমে একটি গোয়ালঘরে এবং পরে পুলিশ চলে যাওয়ার পর একটি বসতঘরে আগুন দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আটক ব্যক্তিরা হলেন—আজিজ মীরা, সাকিল হোসেন ও নয়ন শিকদার। তাঁরা সবাই ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আজিজ মীরার গোয়ালঘর থেকে একটি চোরাই গরু উদ্ধার করেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। এ সময় আজিজ মীরার পরিবারের ওপর চড়াও হন এলাকাবাসী। পরিস্থিতি বেগতিক দেখে পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে আজ ভোর ৪টার দিকে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

স্থানীয় বাসিন্দা আদম আলী শিকদার জানান, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় গতকাল দিবাগত রাত ৩টা পর্যন্ত তিনি গোয়ালঘর পাহারা দেন। পরে ঘুমিয়ে পড়েন। কিছু সময় পর গোয়ালঘরে গিয়ে গরু না পেয়ে খুঁজতে বের হন তিনি।

আদম আলী আরও বলেন, রাতের বৃষ্টির কারণে মাটিতে গরুর পায়ের ছাপ দেখা যাচ্ছিল। সেই ছাপ অনুসরণ করে তিনি আজিজ মীরার বাড়িতে যান। সেখানে আজিজ মীরাকে গরু পালনের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি গরু পালনের কথা অস্বীকার করেন। পরে তাঁর গোয়ালঘর থেকে গরুর শব্দ শুনে ভেতরে গিয়ে নিজের গরুটি শনাক্ত করেন।

এদিকে গ্রামের আরেক বাসিন্দা নাসির খান অভিযোগ করেন, তাঁর একটি গরু ১০ দিন আগে হারিয়ে যায়। আজ সকালে আজিজ মীরার বাড়ি থেকে চোরাই গরু উদ্ধারের খবর পেয়ে তিনি সেখানে যান। পরে গোয়ালঘরের পাশে গোবরের স্তূপে গরুর রশি ও চামড়ার কিছু অংশ দেখতে পান। নাসিরের ধারণা, তাঁর হারিয়ে যাওয়া গরুটি জবাই করে মাংস বিক্রি করা হয়েছে।

এ খবর ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে আজিজ মীরাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে উত্তেজিত জনতা। এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। পরে সকাল ৭টার দিকে আজিজ মীরার গোয়ালঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে গৌরনদী মডেল থানা ও পাশের আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ চলে যাওয়ার পরে আজিজের বসতঘরে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিরা গরু চুরির সঙ্গে জড়িত কি না এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com