চার ধাপে পটুয়াখালীর ৫৪ ইউনিয়নে নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি
পটুয়াখালী প্রতিনিধি:
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ধাপভিত্তিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে পটুয়াখালী জেলার ৮ উপজেলার ৫৪টি ইউনিয়ন পরিষদে চার ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে পঞ্চম ধাপে পটুয়াখালীর কোনো ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশন পাঁচ ধাপে নির্বাচনের জন্য ইউনিয়ন পরিষদগুলোর তালিকা প্রকাশ করে।
ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ধাপের নির্বাচনের তপশিল সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে ঘোষণা করবেন।
পটুয়াখালী জেলায় প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি দুটি উপজেলার ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুমকী উপজেলার পাঙ্গাশিয়া, আঙ্গারিয়া ও মুরাদিয়া এবং মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী, মির্জাগঞ্জ, আমড়াগাছিয়া, দেউলি সুবিদখালী, কাকড়াবুনিয়া ও মজিদবাড়ি ইউনিয়ন রয়েছে।
দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি পটুয়াখালী সদর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো-লোহালিয়া, আউলিয়াপুর, মরিচবুনিয়া, মাদারবুনিয়া, ছোট বিঘাই, বদরপুর, বড় বিঘাই, কালিকাপুর, ইটবাড়িয়া, জৈনকাঠী, লাউকাঠী ও মৌকরণ।
তৃতীয় ধাপে আগামী ২৯ এপ্রিল গলাচিপা ও দশমিনা উপজেলার মোট ১৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়ন হলো-গোলখালী, আমখোলা, কলাগাছিয়া, বকুলবাড়িয়া, চিকনিকান্দি, গজালিয়া, ডাকুয়া, গলাচিপা, পানপট্টি, রতনদি তালতলী, চরকাজল ও চরবিশ্বাস।
অন্যদিকে দশমিনা উপজেলার ৬টি ইউনিয়ন হলো-আলীপুরা, বেতাগী সানকিপুর, দশমিনা, বহরমপুর, বাঁশবাড়িয়া ও চরবোরহান।
চতুর্থ ধাপে আগামী ১৩ মে বাউফল উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো- কাছিপাড়া, কালিশুরী, ধুলিয়া, কেশবপুর, সূর্যমণি, কনকদিয়া, বগা, মদনপুরা, নাজিরপুর, কালাইয়া, দাসপাড়া, বাউফল, আদাবাড়িয়া, নওমালা ও চন্দ্রদ্বীপ। অন্যদিকে, নির্বাচন কমিশনের ঘোষিত পঞ্চম ধাপের নির্বাচনে পটুয়াখালী জেলার কোনো ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত করা হয়নি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ বিষয়ে সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘পঞ্চম ধাপে ইচ্ছা করে ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে।’
ইসি জানিয়েছে, প্রথম ধাপের নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনি তপশিল ঘোষণা করবেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)