একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি!
নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
একসময় বিকেল হতে না হতেই নদীর বুকে ভেসে আসত লঞ্চের হুইসেল। বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের ঘাটে থাকত যাত্রীদের ব্যস্ততা।
মালামাল ওঠানামার ধুম আর ব্যবসায়ীদের কর্মচাঞ্চল্য। ঢাকা এবং নারায়ণগঞ্জের সঙ্গে গৌরনদীর টরকী থেকে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল ঢাকা-টরকী নৌরুট।
প্রতিদিন এই নৌপথে চলাচল করত একের পর এক যাত্রীবাহী লঞ্চ। অথচ সময়ের পরিবর্তনে আজ সেই চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে। নদী আছে, ঘাট আছে, আছে পুরোনো টার্মিনাল। শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল, যাত্রীদের ভিড় আর প্রাণচাঞ্চল্য। একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুটের প্রায় দুইশ’ বছরের পুরনো সেইসব স্মৃতি আজ কালের পরিবর্তনে হারিয়ে গেছে।
বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর একসময় দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এই বন্দরের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি নৌযোগাযোগ ব্যবসা-বাণিজ্যে নতুন গতি এনে দিয়েছিল।
এমভি রাজধানী, মহানগরী, নিউসান, মানসীসহ বিভিন্ন নামের লঞ্চ নিয়মিত চলাচল করত এ রুটে। টরকী বন্দর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেত এসব লঞ্চ। পথে গৌরনদী, পিঙ্গলাকাঠী, কয়ারিয়া, রামারপোল, হোসনাবাদ, বোয়ালিয়া, নোমরহাট, চরমালিয়া ও ঢালীবাড়িসহ বিভিন্ন ঘাট থেকে যাত্রীরা লঞ্চে উঠতেন।
শুধু যাত্রী পরিবহনই নয়, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই নৌপথের। টরকী বন্দর থেকে ঢাকায় পরিবহন করা হতো বরিশালের বিখ্যাত পান, দেশীয় বিভিন্ন প্রজাতির মাছসহ নানা ধরনের পণ্যসামগ্রী।
পাশাপাশি টরকী বন্দর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যেও প্রতিদিন ছেড়ে যেত একটি লঞ্চ। যা চাঁদপুরে যাত্রাবিরতি করত। সব মিলিয়ে একসময় ঢাকা ও নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন প্রায় ছয়টি লঞ্চ নিয়মিত চলাচল করতো।
নদীতে নাব্যতা সংকট, পলি জমে নৌপথের গভীরতা কমে যাওয়া এবং পরবর্তীতে পদ্মা সেতু চালুর পর সড়কপথে যোগাযোগ সহজ হওয়ায় ধীরে ধীরে যাত্রী কমতে থাকে।
একপর্যায়ে বন্ধ হয়ে যায় লঞ্চ চলাচল। এর সঙ্গে থেমে যায় নদীকেন্দ্রিক সেই কর্মচাঞ্চল্য। যে ঘাট একসময় মানুষের পদচারণায় মুখর থাকতো, সেখানে এখন নীরবতা। যে নদীপথ ছিল মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম ভরসা, তা আজ অনেকটাই বিস্মৃত অতীত।
তবে লঞ্চ চলাচল বন্ধ হলেও টরকীর পুরোনো লঞ্চঘাটে এখনো রয়ে গেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি টার্মিনাল। আর এই টার্মিনালকে ঘিরেই এবার নতুন করে অসন্তোষ ও ভোগান্তির অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী ও ক্রেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ রুটে কোনো লঞ্চ চলাচল না থাকলেও টার্মিনালটি এখনো বহাল রয়েছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় একটি প্রভাবশালী মহল বিআইডব্লিউটিএর কতিপয় কর্মকর্তার যোগসাজশে ইজারার নামে ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে।
ভুক্তভোগীদের প্রশ্ন, যেখানে দীর্ঘদিন থেকে লঞ্চ চলাচল বন্ধ, সেখানে টার্মিনালের নামে বাড়তি অর্থ আদায়ের যৌক্তিকতা কী? যাত্রী পরিবহনের কার্যক্রম না থাকলেও কেন এই টার্মিনালের আর্থিক বোঝা বহন করতে হবে বন্দরের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের?
তাদের অভিযোগ, টরকী বন্দরে ব্যবসা করতে এসে কিংবা কেনাকাটা করতে গিয়ে বিভিন্নভাবে বাড়তি অর্থ গুনতে হচ্ছে। এতে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। অভিযোগ রয়েছে এ টার্মিনালে নৌকা,ট্রলারসহ যেকোন নৌযান ভিড়লেই যাত্রী ও পণ্যের টোলের নামে অতিরিক্ত টাকা গুনতে হয়।
একসময় যে নৌটার্মিনাল মানুষের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের সুবিধা নিশ্চিত করত, সেটিই এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি তাঁদের।
এ অবস্থায় পরিত্যক্ত টার্মিনালটি তুলে নেয়ার জন্য স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
একসময় যে নদীপথ ছিল যোগাযোগ, জীবিকা ও ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র, সময়ের স্রোতে আজ সেখানে জমেছে নীরবতা। হারিয়ে গেছে লঞ্চের হুইসেল, যাত্রীদের কোলাহল আর ব্যস্ত ঘাটের চিরচেনা দৃশ্য। কিন্তু সেই হারিয়ে যাওয়া নৌপথের স্মৃতির পাশে নতুন করে তৈরি হয়েছে আরেকটি প্রশ্ন—লঞ্চ চলাচল বন্ধ হওয়ার পরও টার্মিনালটি কেন বহাল রয়েছে? আর সেই টার্মিনালের নামে বাড়তি অর্থ আদায়ের অভিযোগের বোঝা কেন বহন করবেন টরকী বন্দরের সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা?
টরকী বন্দরের ব্যবসায়ী ও ক্রেতাদের এখন একটাই প্রত্যাশা—ঐতিহ্যবাহী এই বন্দরকে ভোগান্তিমুক্ত করা হোক। এজন্য যেন দ্রুত টার্মিনালটি সরিয়ে নেয়া হয়, অথবা ঘাটকে সম্পূর্ন ইজারামুক্ত করা হয়।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক |