Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত
২৫ November ২০২৬ Wednesday ৫:০১:২০ PM
বরিশালে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি:
আজ ২৫ নভেম্বর ২০২৬ বরিশাল রিপোর্টাস ইউনিটি হলরুমে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক একটি স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি), বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম, প্রান্তজন, আভাস এবং আরোহী -এর যৌথ উদ্যোগে ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় “আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা” প্রতিপাদ্যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বরিশাল-০৫ (বরিশাল সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবর রহমান সরওয়ার উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ (অব:) গাজী জাহিদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, জেটনেট-বিডি দেশব্যাপী নাগরিক সংগঠনগুলোর একটি প্ল্যাটফর্ম যা ন্যায্য ও জনগণকেন্দ্রিক জ্বালানি রূপান্তরের পক্ষে কাজ করে এবং একশনএইড বাংলাদেশ এর সচিবালয় হিসেবে দায়িত্ব পালন করছে।
এই সংলাপটি স্থানীয় জ্বালানি বাস্তবতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে জাতীয় নীতিনির্ধারণের সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়। সংলাপে স্থানীয় এলাকার ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি পর্যালোচনা, নাগরিক দাবিনামা উপস্থাপন এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক জনগণকেন্দ্রিক সমাধানের সুযোগগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। আলোচকরা উল্লেখ করেন, শহরের সরকারি বেসরকারী ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, কমিউনিটিভিত্তিক সৌর উদ্যোগ, বায়োগ্যাস ও বর্জ্যভিত্তিক জ্বালানি এবং জনবান্ধব জ্বালানি পরিকল্পনা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর সম্ভাবনা তৈরি করতে পারে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভঙ্কর চক্রবর্তী, আহ্বায়ক, বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম, সংলাপে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জেটনেট-বিডির সদস্য সংগঠন প্রান্তজন-এর নির্বাহী পরিচালক, তৌহিদুল ইসলাম শাহাজাদা। তিনি স্থানীয় বাস্তবতা, ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরে স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও প্রয়োজনকে জাতীয় নীতিমালার সাথে যুক্ত করার ওপর বিশেষ জোর দেন। এরপর জেটনেট বিডির এর পক্ষ থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একশনএইড বাংলাদেশের জাস্ট এনার্জি ট্রানজিশন কর্মসূচির ম্যানেজার ও জেটনেট-বিডির সদস্য সচিব আবুল কালাম আজাদ। তিনি বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি, জীবাশ্ম জ্বালানির ওপর অতি-নির্ভরশীলতা, জ্বালানি নিরাপত্তা এবং জেটনেট-বিডির নাগরিক দাবিনামার বিভিন্ন দিক বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। একইসাথে বরিশালের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার,প্রসার এবং স্থানীয় তরুণদের দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নের তাগিদ দেন।
সভার পরবর্তী পর্যায়ে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা পর্বে স্থানীয় নানা সমস্যা, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হয়। বক্তারা অভিমত ব্যক্ত করেন যে, চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত সৌরশক্তির দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি সরকারি নীতিগত সহায়তা, কর ও বিনিয়োগ সুবিধা বৃদ্ধি এবং বেসরকারি খাতের জোরালো অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম কিবরিয়া প্রধান অতিথির উদ্দেশে বলেন, বরিশালে একটি ডেডিকেটেড গবেষণা সেল প্রতিষ্ঠা করা জরুরি, যার মাধ্যমে স্থানীয় বাস্তবতা ও প্রয়োজনের ভিত্তিতে জ্বালানি রূপান্তর ও পরিবেশগত চ্যালেঞ্জের কার্যকর সমাধান খুঁজে বের করা সম্ভব হবে।
এ সময় আভাস-এর উপ নির্বাহী পরিচালক জান্নাতুল নাইম ঐশি বলেন, নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জাম ও প্রযুক্তির বাজার সম্প্রসারণে শুল্কছাড়সহ বিভিন্ন প্রণোদনা কার্যকর হলেও, এসব সুবিধার সুফল ভোক্তা পর্যায়ে পৌঁছাতে নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান নিশ্চিত করা প্রয়োজন।
প্রধান অতিথি জনাব মোঃ মজিবর রহমান সারওয়ার, এমপি তাঁর বক্তব্যে বলেন, “জনগণের জন্যই দেশ, আর জনগণের সমস্যা সমাধানের মধ্যেই দেশের প্রকৃত কল্যাণ নিহিত। নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং দেশের টেকসই উন্নয়নের স্বার্থে রাজনৈতিক নেতৃত্ব, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি খাত ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “আজকের এই সংলাপ থেকে উঠে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর মধ্যে অন্যতম হলো বরিশাল স্থানীয় জ্বালানি রূপান্তর কমিটি গঠন। এ লক্ষ্যে অতি শীঘ্রই একটি প্রতিনিধিত্বশীল কমিটি গঠনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি, কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর জন্য বরিশাল টাউন হলে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে জ্বালানি রূপান্তর কার্যক্রম আরও সমন্বিত, সুসংগঠিত ও গতিশীলভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।”
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই