বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদে জেলেদের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের এক বোয়াল মাছ। আজ বুধবার সকালে পাথরঘাটা বাজারে মাছটি প্রতি কেজি এক হাজার টাকা দরে মোট ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে। পরে স্থানীয় ‘শাহজাহান মিয়ার হোটেল’ কর্তৃপক্ষ মাছটি কিনে নেয়।
রুপালি জলের এই বিশাল মাছটি একনজর দেখতে সকাল থেকেই পাথরঘাটা বাজারে ভিড় জমান উৎসুক জনতা। মাছটি হোটেলে নেওয়ার পর সেখানেও ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল ছড়িয়ে পড়ে।
জেলেরা জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বলেশ্বর নদের তীরে স্থানীয়ভাবে পরিচিত ‘ঘোপ জাল’ বা ‘ব্যার জাল’ পেতে অপেক্ষায় ছিলেন জেলে ইয়াকুব মিয়া ও তাঁর সঙ্গীরা। রাতভর নিস্তব্ধ নদীতে অপেক্ষার পর আজ সকাল ৮টার দিকে জাল টেনে তুলতেই তাঁদের চোখ আটকে যায় বিশালাকৃতির এই বোয়ালে।
জেলে ইয়াকুব মিয়া বলেন, ‘জাল টানার সময়ই বুঝেছিলাম বড় কিছু আটকা পড়েছে। কিন্তু এত বিশাল বোয়াল দেখে শুরুতে নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। পরে মাছটি বাজারে নিয়ে আসি। ভালো দামে বিক্রি করতে পেরে আমরা সবাই ভীষণ খুশি।’
মাছটি কিনে নেওয়া শাহজাহান মিয়ার হোটেলের পরিচালক মো. ইউসুফ মিয়া বলেন, ‘বাজারে মাছটি ঘিরে মানুষের উপচে পড়া ভিড় দেখে আমরাও আগ্রহী হই। পরে মাছটি কিনে হোটেলে নিয়ে আসি। এই বোয়ালের স্বাদ নিতে ইতিমধ্যেই ক্রেতাদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।’
হোটেলটির ব্যবস্থাপক শহিদুল আলম রিপন (৪৬) তাঁর দীর্ঘ অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘২৫ বছরের ব্যবসায়িক জীবনে এর আগে ২৫ থেকে ৩০ কেজি ওজনের পাঙ্গাশ ও কোরাল মাছ রান্না করে বিক্রি করেছি। এ ছাড়া ৮ থেকে ১০ কেজি ওজনের বোয়ালও পেয়েছি। তবে ২০ কেজি ওজনের বোয়াল মাছ এই প্রথম দেখলাম।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই