আহত তিন সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত উপজেলা প্রতিনিধি, বামনা
বরগুনার বামনা উপজেলায় নসিমন ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন কলেজ ছাত্র নিহত এবং তিন জন আহত হয়েছেন।
শক্রবার সকাল ১০টায় উপজেলার বুকাবুনিয়া – মঠবাড়ীয়া সড়কের লতাবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র হীরক চন্দ্র ব্যাপারী বুকাবুনিয়া গ্রামের মৃত হীরন ব্যাপারীর ছেলে। হীরক ভান্ডারিয়ায় এম এ খালেক কৃষি কলেজের প্রথম বর্ষের আবাসিক ছাত্র ছিল।
মায়ের চিকিৎসার জন্য মাকে নিয়ে সকালে ভাড়ায় চালিত মটরসাইকেলে পার্শ্ববর্তী উপজেলা মঠবাড়ীয়া স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন । লতাবুনিয়া পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাছ বহনকারী একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ ঘটে। দুর্ঘটনায় হীরক(২১) ,হীরকের মা বাসন্তী রানী (৫৫), মটরসাইকেল চালক জীবনদাস (২৮) ও নসিমনের যাত্রী আল-আমীন (২৮) গুরুতর আহত হন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় হীরক মারা যায়। গুরুতর আহত জীবন ও আল-আমীনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ গ্রামবাসী ঘাতক নসিমনের চালক ইউসুফ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন,নিহত পরিবার মামলা করেছেন । আসামীকে কোর্টে চালান করা হবে।
সম্পাদনা: বরিশাল ডেস্ক |